ঢাকায় সংসারও পাতেন পিওটর

ব্যাংকের এটিএম বুথে কার্ড জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন বিদেশি নাগরিক এবং একটি ব্যাংকের তিনজন কর্মকর্তাকে গ্রেপ্তারের পর গতকাল সোমবার তাঁদের ছয় দিন করে রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা হলেন পিওটর সিজোফেন মাজুরেক এবং সিটি ব্যাংকের কার্ড ডিভিশনের কর্মকর্তা মকসেদ আলম (মাকসুদ), রেজাউল করিম ও রেফাজ আহমেদ।
পিওটর ২০১৪ সালের ১৩ ডিসেম্বর গুলশানের হলিডে প্লানেট হোটেলে ওঠেন। তাঁর সঙ্গে ফরিদ নাবির নামে একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকও ওই দিন হোটেলে ওঠেন। এরপর ফরিদ চলে গেলেও পিওটর ওই হোটেলে নয় মাস ছিলেন, বিয়ে করে সংসারও পাতেন। হোটেলের কাগজপত্র ঘেঁটে এবং গুলশানে তাঁর ভাড়া করা ফ্ল্যাটে গিয়ে এ তথ্য পাওয়া গেছে।
বিদেশি নাগরিকসহ চারজনের গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকদের জানাতে গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ব্রিফ করেন নবগঠিত কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ডিআইজি মনিরুল ইসলাম। তিনি বলেন, পিওটরের জন্মস্থান ইউক্রেনে। তিনি জার্মানির নাগরিক। কিন্তু থমাস পিটার নামে তাঁর পোল্যান্ডের পাসপোর্ট রয়েছে। এ দেশে আসার পর তিনি বাংলাদেশি এক মেয়েকে বিয়ে করেন, গেল সপ্তাহে তিনি এক পুত্রসন্তানের বাবা হন। তিনি গুলশানের একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন।
মনিরুল ইসলাম বলেন, ব্যাংকের কার্ড জালিয়াতির মাধ্যমে এ দেশে কোনো বিদেশি নাগরিকের এমন সাইবার অপরাধ এটাই প্রথম। ৬ থেকে ১২ ফেব্রুয়ারি বেসরকারি ব্যাংক ইস্টার্ন, সিটি ও ইউসিবিএলের গুলশান, বনানী ও মিরপুরের কালশী এলাকার চারটি বুথে ‘স্কিমিং ডিভাইস’ নামের বিশেষ যন্ত্র বসিয়ে গ্রাহকদের কার্ডের ব্যক্তিগত তথ্য চুরি এবং পরে ক্লোন কার্ড তৈরি করে টাকা তুলে নেওয়া হয়। ৬ ফেব্রুয়ারি থেকে এ ধরনের জালিয়াতির ঘটনা ঘটানো হলেও ১২ ফেব্রুয়ারি তা জানাজানি হয়। ওই দিন ইস্টার্ন ব্যাংকের একাধিক গ্রাহক মোবাইল ফোনের খুদে বার্তার মাধ্যমে তাঁদের হিসাব থেকে টাকা তুলে নেওয়ার বিষয়টি জানতে পেরে ব্যাংকে অভিযোগ করেন। সেই অভিযোগের সূত্র ধরে তদন্ত করতে গিয়ে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।
কার্ড জালিয়াতির ঘটনায় ইউসিবিএল ১২ ফেব্রুয়ারি বনানী থানায় এবং সিটি ব্যাংক ১৫ ফেব্রুয়ারি পল্লবী থানায় মামলা করে। মামলা দুটির তদন্ত করছে ডিবি।
গতকালের ব্রিফিংয়ে মনিরুল ইসলাম বলেন, গত রোববার রাতে রাজধানীর গুলশানে ভাড়া বাসা থেকে পিওটরকে গ্রেপ্তার করে ডিবি। পরে বাকি তিনজনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিওটর বলেছেন, দীর্ঘদিন ধরে তাঁরা এই জালিয়াতির সঙ্গে জড়িত। পিওটরের সঙ্গে এ কাজে আরও জড়িত আছেন লন্ডনপ্রবাসী ফরিদ নাবির নামে এক বাংলাদেশি এবং বুলগেরিয়া ও ইউক্রেনের দুজন নাগরিক। তাঁদের সঙ্গে সিটি ব্যাংকের কার্ড ডিভিশনের গ্রেপ্তার হওয়া তিন কর্মকর্তারও যোগসাজশ রয়েছে।
‘বিজনেস ভিসা’ নিয়ে পিওটর এক বছর আগে বাংলাদেশে আসেন বলে জানান ডিআইজি মনিরুল ইসলাম। তিনি বলেন, কিছুদিন আগে তাঁর ভিসার মেয়াদ শেষ হয়। তাঁরা বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের কাছ থেকে এর আগেও কার্ড জালিয়াতি করে বিপুল অঙ্কের টাকা তুলে নিয়েছেন। পরে বাংলাদেশি গ্রাহকদের টাকা জালিয়াতির মাধ্যমে তোলা শুরু করেন। সিটি ব্যাংকের তিন কর্মকর্তা এ কাজে সহায়তা করেন।
এ চক্রের সঙ্গে অন্য ব্যাংকের আরও কয়েকজন জড়িত বলে জানান মনিরুল ইসলাম। তিনি বলেন, কার্ড জালিয়াতির চক্র মূলত পূর্ব ইউরোপের রোমানিয়া, বুলগেরিয়া, ইউক্রেন ও পোল্যান্ডভিত্তিক। এরা এশিয়ার বিভিন্ন দেশেও তৎপর।
রিমান্ড: বনানী থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলায় ডিবি গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ওই বিদেশি নাগরিকসহ চারজনের ১০ দিন করে রিমান্ডের আবেদন করে। ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ মাজহারুল ইসলাম ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
সিটি ব্যাংকের বক্তব্য: কার্ড জালিয়াতির ঘটনায় সিটি ব্যাংকের তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সোহেল আর কে হোসাইন প্রথম আলোকে বলেন, ‘সুনির্দিষ্ট কী অভিযোগ তাঁদের বিরুদ্ধে রয়েছে, তা আমরা এখনো জানি না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা তাঁদের অভিযোগের বিষয়ে জানার চেষ্টা করছি। সেই অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে অবশ্যই প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সব ধরনের সহায়তা করছে ব্যাংক।’
নয় মাস হোটেলে ছিলেন পিওটর: পিওটর ২০১৪ সালের ১৩ ডিসেম্বর গুলশানের হলিডে প্লানেট হোটেলে ওঠেন। তাঁর সঙ্গে ফরিদ নাবির বলে এক ব্যক্তি ছিলেন।
গতকাল হলিডে প্লানেট হোটেলের কাগজপত্র ঘেঁটে দেখা যায়, পিওটর পোল্যান্ডের পাসপোর্টের ফটোকপি হোটেলে জমা দেন। ফরিদ নিজেকে বাংলাদেশি বংশোদ্ভূত পরিচয় দিয়ে বাংলাদেশের ঠিকানা দিয়েছেন প্রভাতী, ৩৬ পীর মহল্লা, সিলেট।
২০১৪ সালের ২৪ ডিসেম্বর পিওটর ও ফরিদ হোটেল ছেড়ে চলে যান। কিন্তু ওই দিন বিকেলে পিওটর আবারও হোটেলে ফিরে আসেন। তখন থেকে প্রায় নয় মাসের প্রথম ছয় মাস পিওটর হোটেলের ৩০৫ নম্বর কক্ষে ছিলেন। সেখানে থাকা অবস্থায় তিনি বাংলাদেশি এক নারীকে বিয়ে করেন।
হলিডে প্লানেটের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিয়ের পর ৫০৫ নম্বর কক্ষে থাকতে শুরু করেন পিওটর। ২০১৫ সালের ৭ আগস্ট তিনি হোটেল ছেড়ে পাশের একটি ফ্ল্যাট ভাড়া নেন। ফ্ল্যাটে ওঠার আগে নয় মাসে হোটেলে পিওটরের বিল হয়েছিল ছয় লাখ টাকার বেশি। সব টাকাই পরিশোধ করেন তিনি।
হোটেলের একজন কর্মকর্তা বলেন, ফরিদ নাবির গত ২০ জানুয়ারি আবারও হোটেলের ২০৩ নম্বর কক্ষে ওঠেন। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি সেখানে ছিলেন। ফরিদ নাবিরের সঙ্গে বেশ কয়েকবার দেখা করতে পিওটর হলিডে প্লানেটে এসেছিলেন।
হোটেলের ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে, সেখান থেকে নীল রঙের একটি জিপে করে ফরিদ হোটেল ত্যাগ করেন। তবে এই গাড়িটি কার, তা কেউ বলতে পারেননি।
পিওটর গুলশান-২-এর ১১২ নম্বর সড়কের ১৪ নম্বর বাড়ির ১২-এ নম্বর ফ্ল্যাটে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তাঁর স্ত্রী নবজাতক পুত্রসন্তানকে নিয়ে সেখানে ছিলেন। কিন্তু গতকাল তাঁদের সেখানে পাওয়া যায়নি। ফ্ল্যাটটি এখন তালাবদ্ধ।
ওই বাড়ির একজন কর্মচারী প্রথম আলোকে বলেন, ১ লাখ ৬০ হাজার টাকা মাসিক ভাড়ায় এই ফ্ল্যাট ভাড়া নেন পিওটর। পাঁচ-ছয় দিন আগে পিওটরকে বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়।