ঢাকায় সন্দেহভাজন ১৮ ডাকাত আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে সন্দেহভাজন ১৮ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশের দাবি।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম।

উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম বলেন, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদ পেয়ে যাত্রাবাড়ীর ২৮ /২ /বি গোলাপবাগের বাড়ির ছয়তলায় অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নাসিরউদ্দিন, বকতিয়ার, হেলাল, সৈয়দ আলম, আবু বক্কর, মোবারক, বোরহানউদ্দিন, জিয়াউল করিম, বেলালউদ্দিন, নূরুদ্দিন, আহাম্মেদ নুর, আলাউদ্দিন, আবদুল মোমেন, জিয়াউর রহমান, বোরহান উদ্দিন, মেসবাউর রহমান, রাবেল ও সরওয়ার উদ্দিন। তাঁদের কাছ থেকে ৪০টি মোবাইল ফোন সেট, ছয়টি ল্যাপটপ, একটি ট্যাব, দুটি চাপাতি ও পাঁচটি ছুরি উদ্ধার করা হয়।

ডিসি নূরুল ইসলাম আরও বলেন, তাঁরা ঢাকার বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোবাইল ফোনসেট, ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই ও ডাকাতি করতেন। সংঘবদ্ধ এই চক্রটির বেশির ভাগ সদস্য কক্সবাজারের চকরিয়া থানার বাসিন্দা। এই চক্রের মূল হোতা হারুন তাদের ঢাকায় এনে অপরাধমূলক কর্মকাণ্ডে নিয়োজিত করেন।

পুলিশ হারুনকে গ্রেপ্তারের চেষ্টা করছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় মামলা করা হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে সন্দেহভাজন ১৮ ডাকাত আটক