ঢাকায় ৭৯ হাজার ইয়াবা বড়িসহ চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত মঙ্গলবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক তিনটি অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে তাঁদের কাছ থেকে ৭৯ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন তানভীর হোসেন, প্রিয়তোষ মজুমদার, বাবুল মিয়া ও আবদুল মালেক।
ডিবি সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ডিবি ডেমরার স্টাফ কোয়ার্টার রোডে অভিযান চালিয়ে তানভীর হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ৭০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তানভীর নিজেকে কলেজছাত্র বলে পরিচয় দেন। জিজ্ঞাসাবাদে তানভীর বলেন, এক ব্যক্তির কাছে ইয়াবা পৌঁছে দেওয়ার জন্য তাঁকে ১০ হাজার টাকা দেন একজন ইয়াবা ব্যবসায়ী।
অভিযান পরিচালনাকারী মুহম্মদ কামাল হোসেন বলেন, ইয়াবা বহনে ব্যবহৃত একটি ব্যক্তিগত গাড়ি জব্দ করা হয়েছে। গাড়ির মালিককে খোঁজা হচ্ছে।
এর আগে ওই দিন রাত নয়টার দিকে ডিবির আরেকটি দল পল্টন এলাকা থেকে পাঁচ হাজার ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন বাবুল মিয়া ও প্রিয়তোষ মজুমদার। প্রায় একই সময়ে ডিবির আরেকটি দল মাতুয়াইলে অভিযান চালিয়ে চার হাজার ইয়াবা বড়িসহ আবদুল মালেক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
ডিবি কর্মকর্তারা বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানান, তাঁরা কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি করতেন। তাঁরা ব্যক্তিগত গাড়ি, বাস ও ট্রেনে নানা কৌশলে এসব বড়ি ঢাকায় নিয়ে আসেন।