ঢাকা-বগুড়া মহাসড়ক থেকে গরুসহ ট্রাক লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ব্যারিকেড দিয়ে গত সোমবার রাতে দুর্বৃত্তরা ট্রাকের চালকসহ ছয়জনকে জিম্মি করে কোরবানির পশুসহ ট্রাক লুট করেছে। ট্রাকটিতে ১৫ লাখ টাকা মূল্যের ২৫টি গরু ছিল। গরুগুলো বগুড়ার শিবগঞ্জ থেকে চট্টগ্রামের হাটহাজারীতে নেওয়া হচ্ছিল।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ ট্রাক ও গরুগুলো উদ্ধার করতে পারেনি। উপজেলার মহাসড়ক এলাকায় রাত্রিকালীন দায়িত্বে থাকা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলতে অপারগতা প্রকাশ করেন তিনি। মহাসড়কে উপজেলার ঘোগাসেতু এলাকায় এ ঘটনা ঘটে।
লুট করে নেওয়া ট্রাকের চালক নোয়াখালীর সেনবাগ থানার মইশাহ গ্রামের আহত খায়েজ আহম্মেদ (৪৫) বলেন, সোমবার রাতে বগুড়ার নামুজা থেকে তিনি ট্রাকে করে ১৫ লাখ টাকা মূল্যের ২৫টি গরু চট্টগ্রামের হাটহাজারীতে নিয়ে যাচ্ছিলেন। রাত ১১টার দিকে শেরপুরে ঘোগাসেতু এলাকায় তাঁর ট্রাকের সামনে অন্য একটি ট্রাক নিয়ে এসে দুর্বৃত্তরা ব্যারিকেড দেয়। এ সময় ওই ট্রাক থেকে ২০-২৫ জন দুর্বৃত্ত ধারালো ছোরা ও লাঠিসোঁটা নিয়ে দ্রুত নেমে এসে তাঁর ট্রাকের দরজা খুলে তাঁদের টেনে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে।
একপর্যায়ে তাঁকেসহ ট্রাকে থাকা গরুর তিন ব্যাপারী, একজন রাখাল ও ট্রাকের হেলপারের হাত-পা ও মুখ বেঁধে মহাসড়কের ঢালে ফেলে দেয়। এরপর দুর্বৃত্তরা দুটি ট্রাক নিয়েই ঢাকার দিকে চলে যায়। লুট করে নিয়ে যাওয়া তাঁর ট্রাকের মূল্য ১০ লাখ টাকা।
ওই ট্রাকচালক আরও বলেন, সারা রাত পড়ে থাকার পর গতকাল মঙ্গলবার স্থানীয় লোকজনের সহায়তায় তাঁরা উদ্ধার পান। পরে থানা-পুলিশের সহায়তায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, ঘটনা জানার পর তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।