ঢাবি ক্যাম্পাসে আবারও ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও কিছুক্ষণের জন্য আতঙ্ক তৈরি হয়। আগের ঘটনাগুলোর মতো আজও ঘটনাটি পুলিশকে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ সোমবার বেলা ১১টার কিছু আগে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কারা জড়িত, তা জানা যায়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ‘পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনও করেছে। জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫ জানুয়ারি তিনটি, ৩০ ডিসেম্বর দুটি, ২৯ ডিসেম্বর চারটি ককটেল বিস্ফোরিত হয়। এ ছাড়াও ২৬ ডিসেম্বর মধুর ক্যানটিনের সামনে থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছিল। বিস্ফোরণের ঘটনাস্থলগুলো ছিল কয়েক শ গজের মধ্যে। মূলত মধুর ক্যানটিন ও ডাকসু ভবন এলাকায় বিস্ফোরণের ঘটনাগুলো ঘটায় এসবের পেছনে কোনো রাজনৈতিক সংগঠনের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে মনে করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
ককটেল বিস্ফোরণের এসব ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনো অপরাধীদের কাউকে খুঁজে বের করতে পারেনি।