ঢাবির চার শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা
ছিনতাইয়ের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত সবাই শাখা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিন শিক্ষার্থী তাদের হেফাজতে রয়েছে। গত সোমবার শাহবাগ থানায় এক ব্যবসায়ী মামলাটি করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ বলছে, খোঁজ নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
অভিযুক্তরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. নাফিউর রহমান, দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবির হাসান ও ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র কামরুল হাসান। তাঁরা তিনজনই বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্র। অপর আসামি মো. জর্জ। বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের এই শিক্ষার্থী দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। মামলায় জর্জকে ‘পলাতক আসামি’ করা হয়েছে৷ শাহবাগ থানার উপপরিদর্শক আশরাফুল ইসলামকে এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে৷
মামলার বাদী আনোয়ার হোসেন। তিনি নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছেন। মামলার এজাহারে বলা হয়, আনোয়ার হোসেন সোমবার রাতে পল্টন থেকে মগবাজারের একটি হাসপাতালে যাওয়ার জন্য মোটরসাইকেলে রওনা হন। আনুমানিক রাত ১০টার দিকে তিনি শাহবাগের রমনা কালীমন্দিরের পশ্চিম পাশে পৌঁছান। এ সময় মামলায় নাম উল্লেখ করা প্রথম তিনজনসহ আরও একজন তাঁর গতিরোধ করেন। একপর্যায়ে আনোয়ারকে মাদকসেবী আখ্যা দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাঁরা ১৭ হাজার টাকা ও সাড়ে ১০ হাজার টাকা মূল্যের একটি মুঠোফোন ছিনিয়ে নেন।
আনোয়ার হোসেন বলেন, ছিনতাইয়ের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি শাহবাগ থানায় দায়িত্বরত পুলিশকে জানান। পুলিশ ওই সময় প্রথম তিন আসামিকে ধরতে সক্ষম হন। তবে অপর আসামি (মো. জর্জ) পালিয়ে যান। তিনি আরও বলেন, হামলার পর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, খোঁজ নিয়ে দেখেছি, তাঁরা নিয়মিত ছিনতাই করেন৷ তদন্ত সাপেক্ষে দু-একজন নির্দোষ প্রমাণিত হলে তাঁদের নাম বাদ দেওয়া হবে৷ তাঁরা পুলিশ হেফাজতে আছেন।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবহিত আছি৷ আইন প্রয়োগকারী সংস্থার হাতে তাঁরা ধরা পড়েছেন৷ হলগুলোকে তাঁদের বিষয়ে খোঁজখবর নিয়ে পরবর্তী করণীয় ঠিক করতে বলা হয়েছে৷’
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিব চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবহিত নই। যদি তাঁরা এমন কাজ করে থাকেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’