ঢোলভাঙ্গা নদীতে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ঢোলভাঙ্গা নদীতে অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে নির্বিচার মাছ শিকার করা হচ্ছে। এতে মাছের প্রজনন হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
উপজেলার মরিচাকান্দি-সংলগ্ন মেঘনা নদী থেকে ঢোলভাঙ্গা নদীর উৎপত্তি। এটি দক্ষিণ দিকে উপজেলার সোনারামপুর ও দরিয়াদৌলত ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত হয়ে থানার পশ্চিম পাশ দিয়ে তিতাস নদে মিশেছে। তিতাস নদ থেকে ঢোলভাঙ্গা নদীর অপর একটি অংশ পশ্চিম দিকে বাঞ্ছারামপুর, বাঁশগাড়ি, সফিরকান্দি, আলীপুর, মনাইখালী, খোষকান্দি, ধারিয়ারচর, মানিকপুর, মায়ারামপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়ে মেঘনায় পতিত হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বলেন, খোষকান্দি গ্রামের ১০-১২ জন ব্যক্তি নদীর তিনটি অংশে বাঁশের বেড়া দিয়ে এক মাস ধরে অবাধে মাছ শিকার করছেন। ছোট-বড় সব দেশি মাছ ধরা পড়ছে। এখন যে মাছগুলো ধরা পড়ছে, এক মাস পরে সেগুলো ডিম ছাড়বে। অবাধে মাছ ধরার কারণে ভবিষ্যতে নদী মাছশূন্য হয়ে যাবে।
গত সোমবার খোষকান্দি এলাকায় গিয়ে দেখা যায়, বাঞ্ছারামপুর-ফেরিঘাট সড়কের খোষকান্দি-কানাইনগর সেতুর নিচে ১০০ ফুট উত্তর দিকে বাঁশের ফলা দিয়ে নদীর ওপর আড়াআড়িভাবে একটি বেড়া দেওয়া হয়েছে। বেড়াটি দিয়েছেন খোষকান্দি গ্রামের মোছলেম উদ্দিন। তিনি সেখানে মাছ ধরছিলেন। মোছলেম উদ্দিন বলেন, ‘আমরা কয়েকজন মিলে বেড়া দিয়েছি। ছোট ছোট দেশি মাছ ধরতাছি। যেই ছোট মাছ ধরতাছি, সেই মাছে কোনো ডিম হয় নাই এখনো। কোনো অসুবিধা হইলে বেড়া তুইলা ফালামু।’ তিনি আরও বলেন, ‘উত্তর দিকে ওসমান মিয়া আর দক্ষিণ দিকে বিল্লাল হোসেন আরও দুইটা বেড়া দিয়ে মাছ ধরতাছে।’
মোছলেম উদ্দিনের বেড়ার প্রায় ২০০ মিটার উত্তর দিকে একই গ্রামের ওসমান মিয়া নদীতে আড়াআড়িভাবে বাঁশের বেড়া দিয়েছেন। সেতুর দক্ষিণ দিকে প্রায় ২০০ মিটার দূরে খোষকান্দি গ্রামের বিল্লাল হোসেন নদীতে বাঁশ ও জালের বেড়া দিয়েছেন। তবে সেখানে ওই দুজনকে পাওয়া যায়নি। স্থানীয় লোকজনও তাঁদের মুঠোফোন নম্বর দিতে পারেননি।
উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার বলেন, ঢোলভাঙ্গা নদীর বাঞ্ছারামপুর ও সফিরকান্দি অংশে আড়াআড়িভাবে বাঁধ দিয়ে মাছ শিকার করা হচ্ছিল। ইতিমধ্যে কয়েকটি বেড়া অপসারণ করা হয়েছে। নদীর আরও কোথাও এমন বেড়া থাকলে তাও অপসারণ করা হবে।