তক্ষক পাচারের অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় সুন্দরবন থেকে তক্ষক পাচার করার অভিযোগে গতকাল মঙ্গলবার একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি তক্ষক উদ্ধার করা হয়।
পুলিশ ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে শ্যামনগর উপজেলার গড়কুমারপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবুল বাসার গাজী (৪০)। তাঁর বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার নাকনা গ্রামে।
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সুবেন্দু কুমার পাল বলেন, সুন্দরবন থেকে একজন তক্ষক পাচার করেছে—এমন সংবাদের ভিত্তিতে বন বিভাগের সহযোগিতায় তাঁরা গতকাল সকাল আটটায় গড়কুমারপুর এলাকায় অভিযান চালান। এ সময় আবুল বাসারকে একটি তক্ষকসহ গ্রেপ্তার করা হয়।
বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মহিবুল হাসান তক্ষকটি সুন্দরবনে মুক্ত করার অনুমতি দিয়েছেন। তিনি আরও বলেন, পাচারের ঘটনায় তিনি বাদী হয়ে একটি মামলা করেছেন। আবুল বাসারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।