ঝালকাঠির রাজাপুর থানার একজন উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে তক্ষকসহ চার ব্যক্তিকে আটকের পর ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আবদুল কাইউম নামের ওই এসআইকে গত মঙ্গলবার জেলা পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে।
তবে এসআই কাইউম অভিযোগ অস্বীকার করে গতকাল বুধবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘ওই চার ব্যক্তিকে আমি ধরেছিলাম ঠিকই। কিন্তু তাঁদের কাছে অবৈধ কোনো কিছু ছিল না। নাম-পরিচয় জানার পর মনে হয়েছে, তাঁরা সাধারণ মানুষ। তাই তাঁদের ছেড়ে দিয়েছি।’
থানা-পুলিশের একটি সূত্র জানায়, এসআই কাইউম ও আরেক এসআইয়ের নেতৃত্বে পুলিশ গত রোববার রাতে ঝালকাঠির রাজাপুর ডিগ্রি কলেজ এলাকায় একটি মাইক্রোবাস আটক করে। মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে তিনটি তক্ষক পাওয়া যায়। এ ঘটনায় মাইক্রোবাসটির চার আরোহীকে আটক করে পুলিশ। তাঁরা হলেন বাগেরহাটের চিতলমারী উপজেলার ঠান্ডা মিয়া, ঢাকার কদমতলীর শেখ মোহাম্মদ আলী, কুমিল্লার নাঙ্গলকোট এলাকার বেলাল হোসেন ও বড়ুরা উপজেলার জীবননগর এলাকার আবুল কালাম। কিন্তু মোটা অঙ্কের উৎকোচ নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। পরে সোমবার সন্ধ্যায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় চারজনই পিরোজপুরের কাউখালী উপজেলার বটতলা এলাকায় পুলিশের হাতে আটক হন। কিন্তু এ সময় তাঁদের কাছে বিপন্নপ্রায় ওই প্রাণীগুলো আর পাওয়া যায়নি।
কাউখালী থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ওসমান গণি গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ওই চারজন জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে তাঁরা সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে টাকাপয়সা হাতিয়ে নেন। এ জন্য দস্যুতার অভিযোগে মামলা দিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁদের পিরোজপুর কারাগারে পাঠানো হয়।
পুলিশের ওই সূত্রটি জানায়, ওই চারজন পুলিশের কাছে স্বীকার করেন যে তাঁরা গত রোববার রাতে রাজাপুর থানা-পুলিশের হাতে তক্ষকসহ ধরা পড়েন এবং মোটা অঙ্কের অর্থ উৎকোচ দিয়ে ছাড়া পেয়েছেন। পরে কাউখালী থানা-পুলিশ ঝালকাঠি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করে। প্রাথমিক তদন্তে এসআই কাইউমের বিরুদ্ধে উৎকোচ নেওয়ার প্রমাণ পাওয়ায় মঙ্গলবার বিকেলে তাঁকে ঝালকাঠি পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়।
তবে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, ‘এসআই কাইউমকে প্রত্যাহারের বিষয়ে কোনো দাপ্তরিক আদেশ আমি পাইনি। আর উৎকোচ গ্রহণ করে চার ব্যক্তিকে ছেড়ে দেওয়ার অভিযোগের বিষয়েও আমার কিছু জানা নেই।’
এসআই কাইউমকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রকিব। কী কারণে প্রত্যাহার করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই এসআইয়ের কাজকর্ম ভালো মনে হয়নি বলে তাঁকে প্রত্যাহার করা হয়েছে। এটা প্রশাসনিক সিদ্ধান্ত।