তখন ছিলেন শিশু, এখন মুক্তিযোদ্ধা
মুক্তিযুদ্ধের সময় জয়নাল আবেদীন খানের বয়স ছিল মাত্র ছয় বছর। অথচ এখন তিনি তালিকাভুক্ত ও সনদধারী মুক্তিযোদ্ধা। শুধু মুক্তিযোদ্ধাই নন তিনি বরগুনার বামনা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার। তাঁর শিক্ষাগতযোগ্যতা ও জন্মনিবনন্ধন সনদে এই অসংগতি পাওয়া গেছে। বিষয়টি নিয়ে এলাকার মুক্তিযোদ্ধাদের মধ্যে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।
এ নিয়ে একজন মুক্তিযোদ্ধা সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে লিখিত আবেদন করে তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়ার আবেদন করেছেন। গোলাম সত্তার নামে ওই মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে অভিযোগ করেন, বামনা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. জয়নাল আবেদীন খান স্থানীয় বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ১৯৭৮ সালে পঞ্চম শ্রেণির ছাত্র ছিলেন। বিদ্যালয়ের ভর্তিবিবরণী (রেজিস্টার) অনুযায়ী, তাঁর জন্মতারিখ উল্লেখ করা হয় ৬ এপ্রিল ১৯৬৫। সে অনুযায়ী মুক্তিযুদ্ধের সময় তাঁর বয়স ছিল মাত্র ছয় বছর। এ ছাড়া মুক্তিযুদ্ধের সময় নবম সেক্টরের সাব-সেক্টর ছিল বামনা উপজেলার বুকাবুনিয়ায়। এখান থেকেই যুদ্ধ পরিচালিত হতো। কিন্তু জয়নাল আবেদীন খান এই সেক্টরের অধীনে যুদ্ধে অংশও নেননি। আসলে তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা নন।
জানতে চাইলে মুক্তিযুদ্ধকালীন নবম সেক্টরের আওতাধীন বুকাবুনিয়া সাব-সেক্টরের কমান্ডার (অপারেশন) আবদুল মজিদ মিয়া প্রথম আলোকে বলেন, ‘জয়নাল আবেদীন খান আমার অধীনে মুক্তিযুদ্ধে অংশ নেননি। তিনি কোথায় যুদ্ধ করেছেন এবং কে তাঁকে মুক্তিযোদ্ধা সনদ দিয়েছে আমার জানা নেই।’
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে বামনা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. জয়নাল আবেদীন খান এসব অভিযোগ ভিত্তিহীন ও অপপ্রচার বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে আমার জন্মতারিখ ১ ফেব্রুয়ারি ১৯৫৬। আমি স্বাধীনতাযুদ্ধে নবম সেক্টরের বুকাবুনিয়া সাব-সেক্টরের অধীনে যুদ্ধে অংশ নিই। ১৯৭১ সালের ২৩ নভেম্বর বামনা থানা ঘেরাও কর্মসূচিতেও আমি অংশ নিয়েছি।’ অনুসন্ধানে দেখা গেছে, মো. জয়নাল আবেদীন উপজেলার বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ১৯৭৮ সালে পঞ্চম শ্রেণিতে ভর্তি হন। বিদ্যালয়ের ভর্তিবিবরণীতে তাঁর জন্মতারিখ ৬ এপ্রিল ১৯৬৫ উল্লেখ রয়েছে। অপরদিকে উপজেলার বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদের জন্মনিবন্ধন সনদে জন্মতারিখ উল্লেখ রয়েছে ১ ফেব্রুয়ারি ১৯৬৫ (নিবন্ধন নম্বর ১৯৬৫০৪১১৯৪৭০০০২৫৪, নিবন্ধনের তারিখ: ৩১.৭.২০০৭, নিবন্ধন বই নম্বর-৪)।
জন্মনিবন্ধনে অসংগতি প্রসঙ্গে কথিত ওই মুক্তিযোদ্ধা বলেন, ‘২০০৭ সালে তৎকালীন ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেনের কাছ থেকে আমি যে জন্মনিবন্ধন কার্ড নিয়েছি সেটায় আমার জন্মতারিখ ঠিক আছে। এখন ইউপি রেজিস্টারে ও অনলাইন কী এন্ট্রি হয়েছে, সেটা আমার জানা নেই।’ আলতাফ হোসেন বলেন, ‘আমার কাছ থেকে তিনি (জয়নাল আবেদীন) জন্মসনদ করেছিলেন কি না, তা মনে নেই। যদি নিয়ে থাকেন তাহলে রেজিস্টার ও অনলাইন ডাটার সঙ্গে তা মিল থাকার কথা। আর রেজিস্টারে যা থাকবে আইনগতভাবে সেটাই বৈধ।’
বামনার ইউএনও আলমগীর হোসেন বলেন, বিষয়টির তদন্ত চলছে।