তজুমদ্দিনে হরিণের মাংসসহ ৫ শিকারি আটক
ভোলার তজুমদ্দিন উপজেলায় হরিণের মাংসসহ পাঁচ শিকারিকে আটক করেছে পুলিশ। এ সময় শিকারিদের কাছ থেকে ১১৮ রাউন্ড গুলিসহ একটি দোনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গুরিন্দা বাজার এলাকা হয়ে বাসনভাঙার চর থেকে হরিণের মাংস নিয়ে যাওয়ার সময় তাঁদের আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে তজুমদ্দিন থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে আজ শনিবার সকালে জেলহাজতে পাঠিয়েছে।
স্থানীয় ও তজুমদ্দিন থানা-পুলিশ জানায়, উপজেলার মেঘনাবেষ্টিত বাসনভাঙার চর থেকে একদল শিকারি হরিণ শিকার করে নিয়ে আসছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মেঘনা নদীতে অভিযান চালায়। গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রায় ১৫ কেজি হরিণের মাংসসহ গুরিন্দা বাজার এলাকা থেকে পাঁচ শিকারিকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে লাইসেন্স করা একটি দোনলা বন্দুকসহ ১১৮ রাউন্ড গুলি ও ৭টি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন বোরহানউদ্দিন উপজেলার নেজামল হক শান্তু চৌধুরী (৭৫), তাঁর দুই ছেলে হাসান চৌধুরী (৪০), এন হোসেন চৌধুরী (৪৫), ভোলা সদরের নুরে আলম (৪০) ও লক্ষ্মীপুর রামগতির মো. শরীফ (২২)।
আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে একটি প্রভাবশালী মহল ব্যাপক তদবির চালালেও আজ সকালে তাঁদের আলামতসহ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহিন মণ্ডল বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে যাথাযথ আইনগত ব্যবস্থা মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের আটক করতে আমাদের পুলিশের অভিযান অব্যাহত আছে।’
ওসি বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে মেঘনা নদীর মাঝে জেগে ওঠা বিভিন্ন চরে ম্যানগ্রোভ বনে অবাধে হরিণ শিকার করে আসছে।