সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরীর বাড়ির তত্ত্বাবধায়ক খুন ও ডাকাতির ঘটনায় দিরাই থানায় গত রোববার রাতে মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
এজাহারের বিবরণ অনুযায়ী গত শনিবার রাতে নাছির উদ্দিনের দিরাই পৌর শহরের বাড়ির তত্ত্বাবধায়ক লিলু মিয়া (১৭) খুন হয়। এ ছাড়া ডাকাতেরা ওই বাড়ি থেকে একটি রাইফেল, রিভলবার, ১০ ভরি স্বর্ণালংকার, ল্যাপটপ, মুঠোফোন ও কিছু টাকা লুট করে নিয়ে গেছে। ওই রাতে নাছির চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। লিলু মিয়া একাই ওই বাড়িতে ছিল। পরদিন রোববার দুপুরে লিলুর লাশ ওই বাড়ি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সদর উপজেলার শান্তিগঞ্জ এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। তার শরীরে ভোঁতা অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। লিলুর বাড়ি দিরাই উপজেলার বাকাউট গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাতির ঘটনাটি পুলিশের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) খতিয়ে দেখছে। দিরাই থানার পুলিশ রোববার রাতে নাছির চৌধুরীর কয়েকজন প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ করেছে। তবে এ ঘটনার কোনো সূত্র পাওয়া যায়নি।
জানতে চাইলে নাছির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, লিলু মিয়া পাঁচ বছর বয়স থেকে তাঁর বাড়িতে আছে। সে খুবই বিশ্বস্ত ছিল। কী কারণে তাকে খুন করা হলো, কীভাবে এই ঘটনা ঘটল, তিনি কিছুই বুঝে উঠতে পারছেন না।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, ‘আমরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছি। সিআইডিও কাজ করছে।’ পুলিশ সুপার মো. হারুন অর রশিদ গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে খুন ও ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের শিগগির গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোহাম্মদ ফজলুল হক, সাবেক সাংসদ ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সদস্য কলিমউদ্দিন আহমদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল ইসলাম প্রমুখ।