নেত্রকোনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে ওষুধ কোম্পানির কয়েকজন বিক্রয় প্রতিনিধির বিরুদ্ধে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জন বিক্রয় প্রতিনিধিকে আটক করে।
এ ঘটনায় হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মোস্তাফিজুর রহমান ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩৫ জন বিক্রয় প্রতিনিধিকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করেছেন। পরে ওই মামলায় আটক ১০ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। তাঁরা হলেন মো. ফারুখ হোসেন, রাজন মিয়া, কামরুজ্জামান, দীপক কুমার রায়, মুখলেছুর রহমান, সুজিত কুমার সরকার, জিল্লুর রহমান, আবদুল হান্নান, সুশান্ত গোস্তামী ও হারুন অর রশিদ।
পুলিশ সূত্রে জানা গেছে, সপ্তাহের রবি ও বুধবার সকাল আটটা থেকে নয়টার মধ্যে হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের সাক্ষাতের সময় নির্ধারিত রয়েছে। গতকাল নির্ধারিত সময় পেরিয়ে গেলে আরএমও বিক্রয় প্রতিনিধিদের হাসপাতাল ত্যাগ করতে বলা হয়। কিন্তু তাঁরা হাসপাতাল ত্যাগ না করে জরুরি বিভাগসহ বিভিন্ন কক্ষে থাকা চিকিৎসক ও রোগীদের সামনে ভিড় জমান। হাসপাতালের নিরাপত্তা প্রহরীরা নিষেধ করলে তাঁরা নিরাপত্তায় নিয়োজিত পুলিশের ওপর চড়াও হন। এ সময় সিভিল সার্জন বেশ কয়েকজন চিকিৎসককে নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলছিলেন। খবর পেয়ে তিনি তত্ত্বাবধায়কের কক্ষের সামনে গেলে নিরাপত্তারক্ষীরা বিষয়টি জানান। এ সময় শতাধিক বিক্রয়কর্মী ওই কক্ষে হামলা চালান। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
নেত্রকোনা মডেল থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, ওই ঘটনায় মামলা হয়েছে। মামলায় রোগী, রোগীর স্বজনদের মধ্যে ত্রাস সৃষ্টি, হামলাসহ সরকারি সম্পদের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।