তথ্য আড়াল করেছেন মিটফোর্ডের পরিচালক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ সরবরাহ না করে মিটফোর্ড হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের আড়াল করার চেষ্টা করেছেন। গত ১৯ এপ্রিল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি এ মন্তব্য করেছে। ওই দিন ইন্টার্ন চিকিৎসকেরা সাংবাদিকদের ওপর দফায় দফায় হামলা চালান।
তদন্ত কমিটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের পরিচালক ও কলেজের অধ্যক্ষকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। কিন্তু গতকাল রোববার পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যেই আবার ইন্টার্ন চিকিৎসকদের কারণে অচল হয়ে গেছে হাসপাতালটি।
তবে স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দীন বলেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সাংবাদিকদের ক্যামেরাও কিনে দেওয়া হয়েছে।
প্রথম আলোর প্রশ্নের জবাবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন বলেন, ‘ব্যবস্থা নেব কার বিরুদ্ধে? তদন্ত কমিটি তো দোষী কাউকে চিহ্নিতই করতে পারেনি। চিহ্নিত করে দিলে ব্যবস্থা নেওয়া যেত।’
এদিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ দিলীপ ধর বলেছেন, স্থানীয় সাংসদ ওই ঘটনার মীমাংসা করে দিয়েছেন। ভবিষ্যতে যেন এমন কিছু না হয়, সে ব্যাপারেও কলেজের নেতাদের সতর্ক করে দিয়েছেন। তবে তাঁরাই ওই ঘটনা ঘটিয়েছিলেন কি না, সে সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি।
ওই ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দা আনোয়ারা বেগমের নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ২৬ মে কমিটি যে প্রতিবেদন দাখিল করে, তাতে বলা হয় যে সাংবাদিকদের যেসব ইন্টার্ন চিকিৎসক লাঞ্ছিত করেছেন, তাঁদের বিষয়ে তথ্য-প্রমাণ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রয়েছে। কমিটি পরিচালকের ভূমিকার সমালোচনা করে।
প্রতিবেদনে বলা হয়, সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজের সিডি সরবরাহের জন্য চিঠি দিলে পরিচালক জানান, সিসি ক্যামেরায় ত্রুটি ছিল। সরবরাহকারী প্রতিষ্ঠান তখন ক্যামেরাগুলো মেরামত করছিল। তাই কোনো ফুটেজ নেই। সিসি ক্যামেরা অচল ছিল বা তাতে সহিংস ঘটনার ছবি ছিল না—এ বক্তব্য যৌক্তিক মনে হয় না। ঘটনার সত্যতা আড়াল করার জন্য এমনটি বলা হয়েছে। ওই দিন উত্তেজিত ইন্টার্ন চিকিৎসকদের বিষয়ে পরিচালক বা অধ্যক্ষ পর্যাপ্ত দৃঢ়তা ও কঠোরতা অবলম্বন করতে ব্যর্থ হয়েছেন। ১৯ এপ্রিলের ঘটনা তদন্তে যে কমিটি গঠন করা হয়, তাতে স্বাস্থ্য অধিদপ্তর, চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক সমিতির প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছিল।
ওই ঘটনায় মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে হাসপাতালের পরিচালক ও চারজন ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে ইটিভি কর্তৃপক্ষ বাদী হয়ে আদালতে মামলা করে।