তথ্য গোপন করে এসএসসি পাস মেয়েকে স্কুলে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবার অকৃতকার্য হয়ে তৃতীয়বার এসএসসি পাস করেছেন রুনু আক্তার। এর পরও তথ্য গোপন করে ১৫ বছর পর বিদ্যালয়ে নিয়মিত শিক্ষার্থী হিসেবে নবম শ্রেণিতে ভর্তি হয়েছেন তিনি। সম্প্রতি ওই শিক্ষার্থীর অভিভাবক হয়ে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে প্রার্থী হয়েছেন তাঁর মা।
ওই অভিভাবক সদস্যের নাম আনোয়ারা বেগম। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে নারী অভিভাবক পদে প্রার্থী হয়েছেন। তাঁর প্রার্থিতা বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পটুয়াখালীর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন অপর নারী প্রার্থী ঝরনা বেগম।
বিদ্যালয় সূত্র জানায়, ২৮ সেপ্টেম্বর বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির পাঁচটি পদে নির্বাচন হবে। এখানে ভোটার আছেন ৫৬২। নির্বাচনে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
লিখিত অভিযোগ ও বিদ্যালয়ের শিক্ষক এবং স্থানীয় অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আনোয়ারা বেগমের মেয়ে রুনু আক্তার ১৯৯৫-১৯৯৬ সালে কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তি হন। জন্ম তারিখ ১ মে ১৯৮২, বিজ্ঞান বিভাগ। রুনু ১৯৯৭ ও ১৯৯৮ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন। ১৯৯৯ সালের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন। কিন্তু ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অংশ নেওয়ার জন্য আনোয়ারা বেগম তাঁর মেয়ের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তথ্য গোপন করে ও বয়স কমিয়ে চলতি বছর বিদ্যালয়ে নবম শ্রেণিতে ভোকেশনাল শাখায় ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং ট্রেডে ভর্তি করেন। এখানে তাঁর জন্ম ৫ নভেম্বর ১৯৯৭ দেখানো হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তি বিধি অনুযায়ী ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং ট্রেডে ভর্তির জন্য অনূর্ধ্ব ১৮ বছর হতে হবে। তবে বিষয়টি তাঁর জানা ছিল না। তথ্য গোপন করে ওই শিক্ষার্থী ভর্তি হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে আনোয়ারা বেগম বলেন, তথ্য গোপনের কিছু নেই। বিদ্যালয় কর্তৃপক্ষ সব জেনেশুনেই তাঁর মেয়েকে ভর্তি করেছে। সে অনুযায়ী তিনি অভিভাবক। বৈধভাবেই তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন।
জেলা প্রশাসক অমিতাভ সরকার বলেন, ‘বিষয়টি আমার নলেজে নেই। তবে অনিয়ম করে কিংবা তথ্য গোপন করে কেউ অভিভাবক পদে নির্বাচন করলে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’