সিরাজগঞ্জে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় কাজীপুর উপজেলার শুভগাছা ইউনিয়নে পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে তথ্য গোপন করে এক ব্যক্তি নিয়োগ লাভের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। আগামীকাল শনিবার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ঘটনায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ তিনজন প্রার্থী সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে এবং স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার কাজীপুর উপজেলার শুভগাছা ইউনিয়নে পরিবার পরিকল্পনা পরিদর্শকের একটি পদে লোক নিয়োগের জন্য সম্প্রতি আবেদন চাওয়া হয়। নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দাদের আবেদন করার নিয়ম রয়েছে। কিন্তু ওই পদে গান্ধাইল ইউনিয়নের পাটাগ্রাম এলাকার মো. ফরহাদ হোসেন নামের এক প্রার্থী তথ্য গোপন করে শুভগাছা ইউনিয়নের ঠিকানা ব্যবহার করে আবেদন করেছেন। ইতিমধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ফরহাদসহ পাঁচজনকে মৌখিক পরীক্ষার জন্য চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল শনিবার তাঁদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অভিযোগকারীদের মধ্যে আলমগীর কবির ও রেজাউল কবির বলেন, ‘আমরা স্থায়ীভাবে এলাকায় বসবাস করছি। অথচ ফরহাদ হোসেন গান্ধাইল ইউনিয়নের বাসিন্দা হয়ে তথ্য গোপন করে এই ইউনিয়নের ঠিকানা ব্যবহার করে (জাতীয় পরিচয়পত্র নম্বর ৮৮০০৩১১৭৬৪৪৪০) প্রার্থী হয়েছেন। শোনা যাচ্ছে, তাঁকেই কর্তৃপক্ষ নিয়োগ প্রদানের প্রক্রিয়া করছে। তিনি কীভাবে প্রার্থী হলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।’
শুভগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘ফরহাদ হোসেন আমার ইউনিয়নের বাসিন্দা নন। তিনি কীভাবে চারিত্রিক সনদপত্র নিয়ে আবেদন করেছেন, বিষয়টি বোধগম্য নয়। তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে অনুরোধ করছি।’
জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. শাহিন হাসান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়োগ বোর্ডকে জানানো হবে। চাকরিবিধি অনুযায়ী, অন্য ইউনিয়নের কোনো বাসিন্দার আবেদন করার সুযোগ নেই।