তথ্য গোপন : বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য গোপন করে শিক্ষকতা পেশায় যোগ দেওয়ায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

সাময়িক বরখাস্তের পাশাপাশি কেন তাঁদের স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, এই মর্মে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সাময়িক বরখাস্ত শিক্ষক দুজন হলেন অ্যাকুয়াকালচার বিভাগের অধ্যাপক সুলতান মাহমুদ ও মেরিন ফিশারিজ অ্যান্ড ওসানোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ পারভেজ।

অফিস আদেশ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে মাৎস্যবিজ্ঞান অনুষদের অ্যাকুয়াকালচার বিভাগের অধ্যাপক সুলতান মাহমুদ ২০০৪ সালে ময়মনসিংহ সদরে মৎস্য কর্মকর্তা হিসাবে কর্মরত অবস্থায় বরখাস্ত হন। পরে তিনি সরকারি চাকরি থেকে বরখাস্ত হওয়ার তথ্য গোপন করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। অপর দিকে ওসানোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ পারভেজের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে। তিনি জামালপুরে মৎস্য কর্মকর্তা হিসেবে কর্মরত অবস্থায় ২০১২ সালে বরখাস্ত হওয়ার পর তথ্য গোপন করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করেন।

এ দুই ঘটনায় অভিযুক্ত ওই দুই শিক্ষককে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাধারণ কর্মচারী ও শৃঙ্খলা বিধানের ২ (চ) ও ৩ (২) ধারা অনুযায়ী নৈতিক স্খলন, দুর্নীতি ও প্রতারণার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই শিক্ষকদের সাময়িক বরখাস্তের আদেশ গত ২৮ মে থেকে কার্যকর হবে বলে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কার্যালয় থেকে জানা গেছে।

রেজিস্ট্রার স্বদেশ চন্দ্র সামন্ত বিশ্ববিদ্যালয়ের ওই দুই শিক্ষককে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, রিজেন্ট বোর্ডের ৪০তম সভার সিদ্ধান্ত মোতাবেক ওই দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে তাঁদের কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে জানার জন্য শিক্ষক জাহিদ পারভেজের সঙ্গে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি। তবে অপর শিক্ষক সুলতান মাহমুদ মুঠোফোনে বলেন, তিনি অফিস আদেশের কপি হাতে পেয়েছেন। নির্ধারিত সময়ে নোটিশের জবাব দেবেন।