তথ্য চুরির দাবি হ্যাকারদের, তিন ব্যাংকের অস্বীকার
বাংলাদেশের তিনটি ব্যাংকের তথ্য চুরির দাবি করেছে তুরস্কের ‘বোজকার্টলার’ নামের একটি হ্যাকার দল। ব্যাংক তিনটি হলো ডাচ্-বাংলা ব্যাংক, দি সিটি ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক। এ ছাড়া নেপালের দুটি ব্যাংকের তথ্য চুরির দাবিও তারা করেছে। চুরি যাওয়া তথ্যগুলো অনলাইনে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা বিষয়ক ওয়েবসাইট ডেটাব্রিচ টুডেতে এ-সংক্রান্ত তথ্য উঠে এসেছে।
তবে বাংলাদেশের তিনটি ব্যাংকই তথ্য চুরির বিষয়টি অস্বীকার করেছে। ডাচ্-বাংলা ব্যাংক বলেছে, ওয়েবসাইটে প্রকাশিত তথ্য চুরি হিসেবে চালানো হচ্ছে। সিটি ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক বলেছে, প্রকাশিত তথ্য তাদের ব্যাংকের নয়। ব্যাংক তিনটির মতে, নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর বিপণন কৌশল হিসেবে এ প্রচারণা চালানো হচ্ছে।
এদিকে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মতো আরও একটি ব্যাংকে ম্যালওয়্যার (অনুপ্রবেশকারী প্রোগ্রাম) হামলা হয়েছে বলে জানিয়েছে আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক মাধ্যম সুইফট। তবে ব্যাংকটির নাম বলেনি সংস্থাটি। এদিকে যুক্তরাজ্যের বে সিস্টেমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ভিয়েতনামের একটি ব্যাংকে এই সাইবার আক্রমণ হয়েছে।
যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা প্রথম আলোকে বলেন, ‘সংশ্লিষ্ট ব্যাংকগুলোই বলতে পারবে তাদের কী সমস্যা হয়েছে। ঘটনাটি বড় হলে আমরা খোঁজ করে দেখব। ছুটির দিন হওয়ায় এখনো কিছু জানতে পারেনি বাংলাদেশ ব্যাংক।’
ডেটাব্রিচ টুডেতে বলা হয়েছে, ডাচ্-বাংলা ব্যাংকের ৩১২ কিলোবাইট, সিটি ব্যাংকের ১১ দশমিক ২ মেগাবাইট ও ট্রাস্ট ব্যাংকের ৯৬ কিলোবাইট তথ্য চুরি হয়েছে। ‘বোজকার্টলার’-এর কার্যক্রম পর্যবেক্ষণ করছেন, এমন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, অনলাইনে দেওয়া তথ্যগুলো আসল বলে মনে হচ্ছে।
ওয়েব সাইট সূত্রে জানা গেছে, ডাচ্-বাংলা ব্যাংকের ৩১২ কিলোবাইট আর্কাইভে গ্রাহকের ব্যাংকিং লেনদেনের রেকর্ড রয়েছে। এগুলো গ্রাহকের সরাসরি কিংবা ইন্টারনেটের মাধ্যমে লেনদেনের তথ্য। বিশ্লেষকেরা বলছেন, হ্যাকাররা পাবলিক ইন্টারনেট থেকে ব্যাংকের এটিএম ট্রানজেকশন সিস্টেমে প্রবেশ করেছিল। ওই সব হিসাবের ইউজার নেম ও পাসওয়ার্ড খুবই সহজ কিংবা ডিফল্ট। ডাচ্-বাংলা ব্যাংকের ওয়েবসাইটও ঝুঁকির মধ্যে রয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটির ইন্টারনেট সার্ভার বা ফাইলে অনুপ্রবেশের সুযোগ তৈরি হতে পারে।
এ বিষয়ে ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের এটিএম বুথের সংখ্যা, কোন জেলায় কতটি বুথ আছে, এসব তথ্য তারা চুরি করেছে বলে প্রচার করছে। কিন্তু এসব তো আমাদের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য। এসবই চুরি বলে চালানো হচ্ছে। মূলত সফটওয়্যারের মূল্য বাড়ানো, পরামর্শক সেবার ফি বৃদ্ধির কৌশল হিসেবেই এটা করা হচ্ছে। এটা নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর একধরনের মার্কেটিং পলিসি।’
ওয়েব সাইট সূত্রে আরও জানা গেছে, দি সিটি ব্যাংকের ১১ দশমিক ২ মেগাবাইট তথ্য একটি স্প্রেডশিটে রয়েছে। এতে কমপক্ষে ১০ লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য রয়েছে। সেখানে ব্যবহারকারীর নাম, বাবা-মায়ের নাম, জন্মতারিখ, বয়স, যোগাযোগের ঠিকানা, যোগাযোগের নম্বর, স্থায়ী ঠিকানা, এবং ই-মেইল সংক্রান্ত তথ্য রয়েছে। এসব তথ্য সর্বশেষ ২০১৫ সালের ১৫ আগস্টে নেওয়া।
তবে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন প্রথম আলোকে বলেন, ‘যে তথ্য হ্যাকড করার কথা বলা হচ্ছে, তা আমাদের কি না সন্দেহ আছে। ১০০টি নামের মধ্যে একজন আমাদের গ্রাহক। এরপরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ভারত থেকে পরামর্শক এনে বিষয়টি পরীক্ষা করার চিন্তা করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ’এর ফলে নিরাপত্তা সফটওয়্যারের দাম বাড়বে, পরামর্শ সেবার ফিও বাড়বে। এখন পর্যন্ত মনে হচ্ছে এটা একটা মার্কেটিং কৌশল।’
ট্রাস্ট ব্যাংকের ৯৬ কিলোবাইট তথ্য চুরি হয়েছে। এ ছাড়া আরও রয়েছে ব্যবহারকারীর আইডি, ই-মেইল, নাম ও কোডিংয়ের আওতায় থাকা কিছু পাসওয়ার্ড। চুরি হওয়া তথ্যগুলোর মধ্যে সর্বশেষ ২০১৫ সালের জুন মাসের তথ্যও রয়েছে।
এ বিষয়ে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘যেসব তথ্য চুরির কথা বলা হচ্ছে, এর কোনোটিই আমাদের না। শুধু আমাদের ব্যাংকের নাম ব্যবহার করা হয়েছে। গ্রাহকের নাম, পাসওয়ার্ড কোনোটিই আমাদের ব্যাংকের গ্রাহকের সঙ্গে মিলছে না। তাই গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।’
এদিকে, সুইফট এক বিবৃতিতে জানায়, হামলাকারীদের ব্যাংকিং পদ্ধতির ব্যাপারে গভীর ও অত্যাধুনিক ধারণা রয়েছে। যেসব ব্যাংকে ম্যালওয়্যার হামলা হচ্ছে, সেসব ব্যাংকের অভ্যন্তরীণ লোকও এতে জড়িত থাকতে পারে। বাণিজ্যিক ব্যাংকে ‘ট্রোজান পিডিএফ রিডার’ নামের ম্যালওয়্যার দিয়ে হামলার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
গত ৪ ফেব্রুয়ারি রাতে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনা ঘটে। নিরাপত্তা দুর্বলতার ফলেই এমনটি হয়। এর মধ্যে দুই কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কায় আর বাকি ৮ কোটি ১০ লাখ ডলার গেছে ফিলিপাইনে।