তথ্য জালিয়াতি করে জামিন
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির তিন সদস্যের বিরুদ্ধে তথ্য জালিয়াতি করে চারটি মামলায় আসামিদের অস্থায়ী জামিন করিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
কুমিল্লার সরকারি কৌঁসুলি (পিপি) মো. মজিবুর রহমান বলেন, ‘কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য মো. ইয়াকুব উল্লাহ্ ওরফে তুষার, মো. সামছুল আলম মজুমদার ও জামাল হোসেন মামলার নথির জাল নকল, ঘটনার তারিখ পরিবর্তন ও উদ্ধার হওয়া মাদকদ্রব্যের সংখ্যা কম দেখিয়ে জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলামের কাছ থেকে বিভিন্ন সময়ে আসামিদের জামিন করিয়ে নেন। গত মঙ্গলবার বিষয়টি জেলা ও দায়রা জজ এবং আমার কাছে ধরা পড়ে। এরপর জেলা ও দায়রা জজ তিন আইনজীবীকে শোকজ করার সিদ্ধান্ত নেন। একই সঙ্গে ওই আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা আইনজীবী সমিতির নেতাদের নির্দেশ দেন।’
মজিবুর রহমান বলেন, গত ৫ অক্টোবর কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় শাহীনূর আক্তার নামের এক নারীর বিরুদ্ধে ৯০০ বোতল ফেনসিডিল রাখার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে। এরপর আইনজীবী জামাল হোসেন মামলার নথি জাল করে ৯০০-এর জায়গায় নয় বোতল ফেনসিডিল দেখিয়ে জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলামের আদালতে অস্থায়ী জামিন চান। ১২ নভেম্বর আদালতে নয় বোতল ফেনসিডিলের স্থলে ছয় বোতল কোডেক্স সিরাপ পাওয়া গেছে বলে ওই আইনজীবী আদালতকে জানান। এরপর বিচারক আসামিকে অস্থায়ী জামিন দেন।
ইয়াকুব উল্লাহ্র মুঠোফোনে কল দিয়ে সেটি বন্ধ পাওয়া যায়। জামাল হোসেন ও সামছুল আলম মজুমদার তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
মজিবুর রহমান বলেন, জেলা ও দায়রা জজ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘বিশ্বাসের শেষ জায়গাটুকু পর্যন্ত আমরা ওই আইনজীবীদের কারণে হারিয়ে ফেললাম।’
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুস সাদাত বলেন, ‘সংশ্লিষ্ট আইনজীবীদের শোকজ করার জন্য জেলা ও দায়রা জজ মহোদয় আমাদের চিঠি দিয়েছেন।’