তথ্য দিতে অনীহা ওসির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকদের কাছে তথ্য দিতে অনীহা চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধরের। তিনি চট্টগ্রাম মহানগরের মতো ব্যস্ত জায়গায় চাকরি করেছেন, তাই চকরিয়ার মতো মফস্বল শহরের সাংবাদিকদের ধার ধারেন না। এমনকি বেশির ভাগ সময় সাংবাদিকদের ফোনও ধরেন না তিনি। এসব অভিযোগ চকরিয়ায় কর্মরত সাংবাদিকদের।
একজন সাংবাদিক অভিযোগ করে প্রথম আলোকে বলেন, ২৩ জুলাই কুপিয়ে ও জবাই করে হত্যা করা ওসমান নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। ওই লাশ কীভাবে উদ্ধার হয়েছে, কেন তাঁকে হত্যা করা হতে পারে, গ্রেপ্তার হওয়া নারীর কাছ থেকে কোনো তথ্য পাওয়া গেছে কি না—এসব প্রশ্নের একটিরও উত্তর ওসির কাছে জানা নেই বলে সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন।
আরেকজন সাংবাদিক বলেন, গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি মারা গেছেন। পুলিশের কাছ থেকে এক আওয়ামী লীগ নেতা ওই লাশটি চেয়ে নিয়ে গেছেন। কিন্তু ওসি ওই লাশের নাম-পরিচয় কিছুই জানেন না! বিকেল চারটায় মারা গেলেও ওই লাশের নাম-ঠিকানা জানার জন্য সন্ধ্যা সাতটায় ফোন দিতে বলেন। নয়তো এসআই জামালের সঙ্গে কথা বলতে বলেন।
চকরিয়া প্রেসক্লাবের একজন সদস্য বলেন, ২৩ জুলাই পুলিশ একটি হত্যা মামলা করে। ওই মামলায় কতজন আসামি, কে কে গ্রেপ্তার আছে, বাদী কে? কোনো কিছুর তথ্যই সাংবাদিকদের কাছে দিতে অনীহা প্রকাশ করেন ওসি।
ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, ‘এখানে ৫০ জন সাংবাদিক আছে। আমি কতজনের সঙ্গে কথা বলতে পারব।’ তবে তিনি তথ্য দিতে চেষ্টা করেন বলে দাবি করেন।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম বলেন, সাংবাদিকদের কাছে তথ্য সরবরাহ করা তো তাঁর (ওসির) দায়িত্ব। তাঁকে অবশ্যই তথ্য দিতে হবে। আগামী দিনে সব ঠিক হয়ে যাবে বলেও সাংবাদিকদের আশ্বস্ত করেন তিনি।