তথ্য দেননি ওসি
তথ্য অধিকার আইনে আবেদন করার পরও তথ্য না দেওয়ার অভিযোগ উঠেছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজুল ইসলামের বিরুদ্ধে। বিষয়টি বাংলাদেশ হাইওয়ে পুলিশ গাজীপুর অঞ্চলের সুপারকে লিখিতভাবে জানিয়েছেন অভিযোগকারী।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, হবিগঞ্জ সদর উপজেলার আলাপুর গ্রামের মো. নজির মিয়া গত বছরের ২ সেপ্টেম্বর ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ নতুন সেতু এলাকা থেকে অপহরণের শিকার হন। সেখানে পড়ে ছিল তাঁর ব্যবহৃত মোটরসাইকেল। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ এটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) করে।
কিছুদিন পর নজির মিয়া অপহরণকারীদের কাছ থেকে মুক্ত হন। তাঁর স্বজনেরা বৈধ কাগজপত্র দেখিয়ে মোটরসাইকেলটি থানা থেকে নিয়ে যান।
আরেকটি মামলার কারণে নজির মিয়া ওসি এজাজুল ইসলামের সঙ্গে দেখা করে তাঁর মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় করা জিডির একটি অনুলিপি চান। কিন্তু ওসি তা দিতে অস্বীকৃতি জানান।
এরপর ২৫ মে নজির মিয়া তথ্য অধিকার আইনে ওসি বরাবর আবেদন করেন। ওই আবেদনটি থানায় নিয়ে গেলে ওসি তা গ্রহণে অসম্মতি জানান। এরপর নজির মিয়া ২৬ মে তাঁর আবেদনটি ডাকযোগে ওসির কাছে পাঠান। কিন্তু এবারও তিনি চিঠি গ্রহণ করেননি। ডাক বিভাগের লোকজন প্রায় ২০ দিন পর চিঠিটি নজির মিয়াকে ফেরত দেন।
বিষয়টি হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের পুলিশ সুপার মো. শফিকুল ইসলামকে লিখিতভাবে জানিয়েছেন নজির মিয়া। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা এ অফিসের অধীন।
জানতে চাইলে ওসি এজাজুল ইসলাম বলেন, তিনি তথ্য অধিকার আইন বোঝেন না। একমাত্র তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তা বা কোনো আদালত তথ্য চাইলে তিনি দিতে পারেন। অন্য কারও কাছে তিনি তথ্য দিতে বাধ্য না।