তথ্য না দেওয়ায় দুই সাবরেজিস্ট্রার গ্রেপ্তার
অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র চাওয়ার পরও তা সরবরাহ না করে তদন্তে বাধা সৃষ্টি করার অভিযোগে করা মামলায় দুই সাবরেজিস্ট্রারকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার মেহেরপুর থেকে তাঁদের গ্রেপ্তার করেন দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আবদুল গাফ্ফার। সংস্থার প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন: ঝিনাইদহের সাবরেজিস্ট্রার মো. সাহিদুর রহমান ও নোয়াখালীর সাবরেজিস্ট্রার আ. রশিদ মণ্ডল। দুজনই মেহেরপুরের সাবেক সাব রেজিস্ট্রার।
দুদক সূত্র জানায়, ২০১১ সালে দুদকের করা একটি মামলার তদন্তের স্বার্থে ওই দুই সাবরেজিস্ট্রারের কাছে রেকর্ডপত্র চেয়ে চিঠি পাঠানো হয়। কিন্তু তাঁরা ইচ্ছাকৃতভাবে দীর্ঘসময়েও প্রয়োজনীয় রেকর্ডপত্র সরবরাহ না করে মামলার তদন্তে বাধা সৃষ্টি করেছেন। এটা দুদক আইনের ১৯ (৩) ধারায় দণ্ডনীয় অপরাধ।
এ কারণে তদন্তে বাধা সৃষ্টি করার অভিযোগে ওই দুজনের বিরুদ্ধে রোববারই মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করে দুদক। মামলার পরপরই মেহেরপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।