তথ্য না দেওয়ায় শিক্ষা কর্মকর্তার জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দিষ্ট সময়ে তথ্য সরবরাহ না করায় ঢাকার সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ সাহরিয়ার মেনজিসকে দুই হাজার টাকা জরিমানা করেছে তথ্য কমিশন। পাশাপাশি আবেদনকারীকে চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহেরও নির্দেশ দেওয়া হয়েছে।

প্রথম আলোর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার তথ্য কমিশনে শুনানি শেষে এ রায় দেওয়া হয়।
তথ্য কমিশন সূত্রে জানা গেছে, তথ্য কমিশনে রোববার ১১টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। এসব অভিযোগের ছয়টি নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে প্রথম আলোর অভিযোগ ছিল দুটি। বাকি পাঁচটি অভিযোগের শুনানি পরে অনুষ্ঠিত হবে।
চলতি বছর সাভার উপজেলায় মাধ্যমিক স্তরের প্রাপ্ত বই ও বিদ্যালয়ের নাম-ঠিকানাসহ শ্রেণিভিত্তিক বিতরণ করা বইয়ের সংখ্যা জানতে চেয়ে সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ সাহরিয়ার মেনজিসের কাছে গত ১৯ জানুয়ারি তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে আবেদন করে প্রথম আলো। নির্দিষ্ট সময়ে তথ্য না পেয়ে নিয়মানুযায়ী ঢাকা জেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমা বেগমের কাছে আপিল করা হয়। আপিলেও তথ্য না মেলায় গত ২৪ এপ্রিল তথ্য কমিশনে অভিযোগ করা হয়।
অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ সাহরিয়ার মেনজিসের উপস্থিতিতে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনে গতকাল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিকালে প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার, খুরশীদা বেগম সাঈদসহ কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিশনের জনসংযোগ কর্মকর্তা লিটন কুমার প্রামাণিক জানান, শুনানিকালে উভয় পক্ষের বক্তব্য শুনে গোলাম রহমান ও নেপাল চন্দ্র সরকার নির্দিষ্ট সময়ে তথ্য সরবরাহ না করাসহ দায়িত্ব পালনে অবহেলার দায়ে সৈয়দ সাহরিয়ার মেনজিসকে দুই হাজার টাকা জরিমানা করেন। তবে খুরশীদা বেগম ভিন্নমত পোষণ করে তাঁকে (সৈয়দ সাহরিয়ার মেনজিস) ভবিষ্যতের জন্য সতর্ক করে দেন।
এদিকে আপিল করার পরেও তথ্য প্রদানের উদ্যোগ না নেওয়ায় আপিল কর্তৃপক্ষের (ঢাকা জেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা) বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে জানানোর সিদ্ধান্ত নেয় কমিশন।
অপর এক আবেদনে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আরেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রাথমিক স্তরের কিন্ডারগার্টেনের দূরত্বের নিয়মসহ কিন্ডারগার্টেন বিদ্যালয়ের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী হ্রাসের পরিসংখ্যানের তথ্য জানতে চেয়ে একই দিন (১৯ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করে প্রথম আলো। নির্দিষ্ট সময়ে তথ্য না পেয়ে নিয়মানুযায়ী মন্ত্রণালয়ের সচিবের কাছে আপিল করা হয়। আপিলেও তথ্য না মেলায় গত ২৪ এপ্রিল তথ্য কমিশনে অভিযোগ করা হয়।
রোববার শুনানিতে উপস্থিত হয়ে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন আহমেদ চাহিদা অনুযায়ী প্রায় সব তথ্যই সরবরাহ করেন।
তবে কিন্ডারগার্টেনের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী হ্রাসের কোনো পরিসংখ্যান মন্ত্রণালয়ে না থাকার কথা স্বীকার করে গিয়াস উদ্দিন আহমেদ বলেন, ‘প্রথম আলোর আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে ভাবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে গবেষণা প্রয়োজন।’