মুক্তিযোদ্ধা আইয়ুব খানের আত্মহত্যার ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এ জন্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে মন্ত্রণালয়ে ১৫-২০ জন মুক্তিযোদ্ধা মন্ত্রীর সঙ্গে দেখা করে মুক্তিযোদ্ধা আত্মহত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
গত মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডের হোটেল কর্ণফুলীর একটি কক্ষ থেকে মুক্তিযোদ্ধা আইয়ুব খানকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। হোটেলের ওই কক্ষ থেকে একটি চিঠি উদ্ধার করা হয়। এতে লেখা রয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ‘গলাধাক্কা দিয়ে অপমান করে বের করে দেওয়ায় আমি আত্মহত্যা করলাম।’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, মুক্তিযোদ্ধাদের ক্ষোভের মুখে গতকালই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সচিবের জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, সচিব এম এ হান্নানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হলে আগে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে। এ জন্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ মিজানুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাঁকে ওই মুক্তিযোদ্ধার লিখে যাওয়া সুইসাইড নোটসহ (চিঠি) ঘটনার আনুষঙ্গিক তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, যে অভিযোগ উঠেছে, তা ফৌজদারি অপরাধ। এটা তদন্ত হচ্ছে। এম এ হান্নান ১৯৮২ বিশেষ বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।
আ ক ম মোজাম্মেল হক বলেন, চিঠিতে যে কমিটি গঠনের কথা বলা হয়েছে সেটা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এখতিয়ারবহির্ভূত। এটি করে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। তারা মন্ত্রণালয়ের অধীন নয়, কিন্তু সম্পৃক্ত। তিনি মুক্তিযোদ্ধার আত্মহত্যার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। মুক্তিযোদ্ধার পরিবার অসচ্ছল হলে আর্থিকভাবে সহায়তা করা হবেও বলে জানান মন্ত্রী।
অবশ্য পুলিশ বলছে, মুক্তিযোদ্ধা আত্মহত্যার ঘটনায় হওয়া অপমৃত্যুর মামলাটি শাহবাগ থানার পুলিশ তদন্ত করছে। গতকাল তোপখানা রোডের হোটেল কর্ণফুলীর ব্যবস্থাপকসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
পুলিশের রমনা অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এস এম শিবলী নোমান গতকাল প্রথম আলোকে বলেন, আত্মহত্যার আগে মুক্তিযোদ্ধা আইয়ুব খানের লেখা চিঠি নিরীক্ষা করাতে সিআইডির হস্তলিপি-বিশারদের কাছে পাঠাতে প্রস্তুতি চলছে। দিনক্ষণ ঠিক করে সচিব এম এ হান্নানকে জিজ্ঞাসাবাদ করা হবে।
মুক্তিযোদ্ধার আত্মহত্যার ঘটনায় সচিবকে দ্রুত প্রত্যাহার ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান নামের একটি সংগঠন। গতকাল সংগঠনটি এক বিবৃতিতে এই দাবি জানায়।