তথ্য সেবাকেন্দ্র ভাঙচুরের অভিযোগে তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের তথ্য সেবাকেন্দ্র ভাঙচুরের অভিযোগে গত বুধবার রাতে আলমগীর হোসেন (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আলমগীর হোসেন উপজেলার বেলঘরিয়া গ্রামের ইউসুব হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) তথ্য সেবাকেন্দ্রে বুধবার রাতে আলমগীর হামলা চালিয়ে হাতুড়ি দিয়ে অপটিক্যাল ফাইবার হোম ভাঙচুর করে দ্রুত পালিয়ে যান। এতে তথ্য সেবাকেন্দ্রের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তির শিকার হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় আলমগীর হোসেনের বিরুদ্ধে বুধবার রাতে থানায় মামলা হয়েছে। মামলার সূত্র ধরে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।