তথ্যপ্রযুক্তি আইনে মামলা, কোচিং শিক্ষক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক কলেজছাত্রীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শাহিন আলম (২৫) নামে কোচিংয়ের এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ওই ছাত্রীর দায়ের করা তথ্যপ্রযুক্তি আইনের (আইসিটি) মামলায় আলমডাঙ্গা থানা-পুলিশ গত বৃহস্পতিবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া শাহিন আলমকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সীগঞ্জ বাজারের একটি কোচিং সেন্টারের শিক্ষক ও বারাদী ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামে তাঁর বাড়ি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ এলাকার এক কলেজছাত্রীর সঙ্গে সদর উপজেলার বোয়ালমারী গ্রামের প্রান্ত হোসেনের প্রেম ছিল। দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কিছু ছবি ও ভিডিওচিত্র প্রান্ত তাঁর মুঠোফোনে ধারণ করেন। সম্প্রতি দুজনের সম্পর্কের অবনতি হলে প্রান্ত তাঁর মুঠোফোনে থাকা ওই সব ছবি ও ভিডিওচিত্র শাহিন আলমের কাছে দেন।

ছবি ও ভিডিওচিত্র হাতে পাওয়ার পর ওই ছাত্রীকে ফাঁদে ফেলতে উঠেপড়ে লাগেন শাহিন। ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, ছাত্রীটির ফেসবুক মেসেঞ্জারে ছবিগুলো পাঠান শাহিন এবং তাঁর সঙ্গে একটি পার্কে সময় কাটানোর প্রস্তাব দেন। পাশাপাশি আরও ১০ হাজার টাকা দাবি করেন। প্রস্তাব মানলে ছবিগুলো তিনি মুছে ফেলবেন, নয়তো ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। ওই ছাত্রী বিকাশের মাধ্যমে ২ হাজার টাকা দিয়ে বিষয়টি না করতে অনুরোধ জানান। সম্প্রতি ছবিগুলো একটি ভুয়া আইডি থেকে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।

বিষয়টি কয়েক দিন আগে জানাজানি হয়। ছাত্রী ও তার পরিবার চরম সংকটে পড়ে। এলাকায় এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। এ অবস্থায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল মোমেন গত বৃহস্পতিবার শাহিন আলম ও কলেজছাত্রীর পরিবারের সদস্যদের পুলিশ সুপারের কার্যালয়ে ডাকেন। উভয় পক্ষের বক্তব্য শোনেন পুলিশের এই কর্মকর্তা। কলেজছাত্রী তথ্য-প্রমাণ উপস্থাপন করলে মামলা গ্রহণের সিদ্ধান্ত হয়।

পরে আলমডাঙ্গা থানায় তথ্যপ্রযুক্তি আইনে বৃহস্পতিবার বিকেলে একটি মামলা দায়ের করে ওই ছাত্রী। মামলার পরপরই শাহিনকে গ্রেপ্তার দেখানো হয়।