তদন্ত আটকে আছে সেই ল্যাপটপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির এক মামলার তদন্ত আটকে আছে নির্বাচন কমিশনের (ইসি) অফিস সহকারীর একটি ল্যাপটপকে কেন্দ্র করে। সাড়ে পাঁচ মাস আগে আদালত ওই ল্যাপটপে থাকা তথ্য দিতে ইসিকে নির্দেশ দিয়েছিলেন। তবে সেটি এখনো পায়নি মামলার তদন্তকারী সংস্থা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। তারা বলছে, এ কারণে তদন্ত এগোচ্ছে না।

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি হয়েছিল ২০১৯ সালের ২২ আগস্ট। এর চার দিন আগে লাকী নামের এক রোহিঙ্গা নারী চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ে এনআইডির স্মার্ট কার্ড তুলতে গিয়ে ধরা পড়েন। এরপর বেরিয়ে আসে ঘুষ দিয়ে জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নেওয়ার ঘটনা।

মামলাটির তদন্তকারী সংস্থা চট্টগ্রাম পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার ফারুক উল হক প্রথম আলোকে বলেন, ল্যাপটপটির মাধ্যমে রোহিঙ্গাদের ভোটার করা হয়েছিল। এ-সংক্রান্ত তথ্য ইসিতে রয়েছে। তথ্য পেতে চিঠি দেওয়া হয়েছিল। এখনো পাওয়া যায়নি।

অবশ্য তদন্তকারী সংস্থার চিঠি এখনো পাননি বলে দাবি করেন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর।

এই মামলায় গ্রেপ্তার ১৭ জনের মধ্যে ১১ জন ইসির কর্মী, যাঁদের ৪ জন স্থায়ী ও ৭ জন অস্থায়ী। বাকিরা তাঁদের সহযোগী (দালাল)। ছয়জন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তাঁদের জবানবন্দিতে ইসির ল্যাপটপসহ অন্যান্য সরঞ্জাম বাসায় নিয়ে রোহিঙ্গাদের ভোটার করা এবং কর্মকর্তাদের মাধ্যমে তা ইসির সার্ভারে আপলোড করার বর্ণনা উঠে আসে। মামলাটিতে গ্রেপ্তার ১৭ আসামির মধ্যে ১৫ জন জামিনে বেরিয়ে গেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রামের পরিদর্শক সঞ্জয় কুমার সিনহার আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৪ জুলাই চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার ইসির অফিস সহকারী জয়নাল আবেদীনের কাছ থেকে জব্দ করা ল্যাপটপটি সম্পর্কে তথ্য দিতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালককে আদেশ দেন। আদালত ল্যাপটপটির মাধ্যমে কখন কোন কোন উপজেলা নির্বাচন অফিসের সার্ভার ব্যবহার করে অবৈধ কতজন রোহিঙ্গাকে বাংলাদেশি এনআইডি দেওয়া হয়েছে; এটির আইডি পরিবর্তন হয়েছিল কি না; রোহিঙ্গাদের ডেটা আপলোড করার সময় সার্ভারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিস্তারিত তথ্য; ল্যাপটপটির হার্ডড্রাইভে ১ হাজার ৯৪৬টি ফাইল রয়েছে, এগুলোর মধ্যে কী তথ্য রয়েছে—এসবসহ ১০টি তথ্য আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে কাউন্টার টেররিজম ইউনিটকে দিতে বলেন।

মামলার আসামিদের একজন জয়নাল আবেদীন নিজেই ১ হাজার ৮৪০ রোহিঙ্গাকে এনআইডি করিয়ে দেওয়ার কথা আদালতে জবানবন্দিতে জানিয়েছিলেন। জামিনে থাকা এই আসামি গত বুধবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ইসির সার্ভারে আপলোড দিতে হলে পাসওয়ার্ড জানতে হয়। ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া তা কারও জানার কথা নয়। তাঁদের বের করা হোক।

১৬ জানুয়ারি আরাকান স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহর ‘ভাই’ মো. শাহ আলী বাংলাদেশি এনআইডিসহ গ্রেপ্তারের পর নতুন করে জালিয়াতির বিষয়টি সামনে আসে।