আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগের কর্মী নিহত হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি এক মাসেও প্রতিবেদন দিতে পারেনি।
কমিটির দাবি, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া যাচ্ছে না। তাই প্রতিবেদন দিতে পারছে না তারা। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, তদন্ত কমিটির প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নিয়ে দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া যেত।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, গত ২০ নভেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে সুমন চন্দ্র দাস নামে ছাত্রলীগের এক কর্মী নিহত হন। এ ঘটনায় ওই দিন বিকেলেই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং সন্ধ্যায় নিয়মিত সিন্ডিকেট সভায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির আহ্বায়ক ভৌতবিজ্ঞান অনুষদের ডিন মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস। কমিটির অপর সদস্যরা হচ্ছেন ব্যবসায় প্রশাসন অনুষদের মো. নজরুল ইসলাম ও রসায়ন বিভাগের মোহাম্মদ ইউনুছ।
কমিটির আহ্বায়ক ২৩ নভেম্বর এ প্রতিবেদককে জানিয়েছিলেন, ঘটনার দুদিন পর কমিটির সদস্য নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করতে চলে যান। অপর সদস্য মোহাম্মদ ইউনুছ সব সদস্যের উপস্থিতি ছাড়া তদন্ত শুরু করতে অস্বীকৃতি জানান। ফলে তিনি তদন্তকাজ শুরু করতে পারেননি।
তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম দেশে ফিরে এলে ২৬ নভেম্বর তদন্ত কমিটির প্রথম সভা হয়। কিন্তু ৬ থেকে ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে হওয়া রসায়ন সম্মেলনে আহ্বায়ক হিসেবে থাকায় তখন কমিটির সদস্য মোহাম্মদ ইউনুছ সময় দিতে পারেননি। ১১ ও ১২ ডিসেম্বর তদন্ত কমিটির আহ্বায়ক সিলেটের বাইরে ছিলেন। তাই তদন্তকাজ স্বাভাবিক গতিতে এগোয়নি। অবশ্য ১৭ ডিসেম্বর থেকে কমিটির নিয়মিত সভা হচ্ছে।
জানতে চাইলে কমিটির আহ্বায়ক ইলিয়াস উদ্দিন বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন কারণে তদন্তকাজ কিছুটা বিলম্বিত হলেও আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। তদন্তকাজ অনেক দূর এগিয়ে এনেছি। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সংশ্লিষ্ট কিছু শিক্ষার্থীর সাক্ষাৎকার আমরা নিতে পারছি না। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় এসব কাজ করতে পারছি না।’
কবে নাগাদ তদন্ত প্রতিবেদন দেওয়া যাবে, জানতে চাইলে ইলিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, ‘নির্দিষ্ট করে বলতে পারব না। কারণ, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা সিলেটের বাইরে। তাই তাঁদের সাক্ষাৎকার নেওয়ার প্রক্রিয়া আমরা ঠিক করতে পারছি না।’
গতকাল শুক্রবার বিকেলে উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া বলেন, ‘তদন্ত কমিটির সদস্যদের প্রজ্ঞা ও কর্মকৌশল নিয়ে আমার আস্থা আছে। তাই তাঁদের বক্তব্যের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। তবে এটুকু বলতে পারি, তদন্ত কমিটির প্রতিবেদন দ্রুত পেলে সে অনুসারে ব্যবস্থা নিয়ে বিশ্ববিদ্যালয় দ্রুততম সময়ের মধ্যে খুলে দেওয়ার বিষয়টি সহজ হতো।’