তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌখিক পরীক্ষার সময় দর্শন বিভাগের মাস্টার্স পরীক্ষার্থীদের কাছ থেকে রসিদ ছাড়াই অতিরিক্ত অর্থ আদায়ের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাজশাহী কলেজ কর্তৃপক্ষ।
কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ওয়াসিম মো. মেজবাহউল হকের নেতৃত্বে গত মঙ্গলবার সন্ধ্যায় এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুই সদস্য হলেন ইতিহাস বিভাগের শিক্ষক শামীম আরা চৌধুরী ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক তৌফিকুল ইসলাম। কমিটিকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে অধ্যক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রাজশাহী কলেজের দর্শন বিভাগের ৩৫১ জন মাস্টার্স পরীক্ষার্থীর (২০১০-২০১১ শিক্ষাবর্ষ) মৌখিক পরীক্ষা শুরু হয় গত মঙ্গলবার। পরীক্ষার আগে শিক্ষার্থীদের কাছ থেকে রসিদ ছাড়াই ২০০ টাকা করে আদায় করেন বিভাগের পিয়ন। এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘মৌখিক পরীক্ষার টেবিলে টাকা আদায়ের আভিযোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
এদিকে বহিরাগত (এক্সটার্নাল) পরীক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিকুল আলম বলেন, যেসব শিক্ষার্থী বলেছেন বহিরাগত পরীক্ষকদের জন্য টাকা উঠানো হয়েছে, তা সঠিক নয়। এর সঙ্গে পরীক্ষকদের সংশ্লিষ্টতা নেই।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ: রাজশাহী কলেজের দর্শন বিভাগের প্রধান আবদুস সালাম গতকাল এক প্রতিবাদপত্রে বলেছেন, স্মরণিকার মুদ্রণ ব্যয় নির্বাহের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ টাকা করে নেওয়া হয়েছে। এই অর্থ শিক্ষার্থীরা নিজ উদ্যোগে তুলেছেন। এর সঙ্গে বিভাগ বা কলেজের সংশ্লিষ্টতা নেই। এ ছাড়া প্রতিবেদনটি উদ্দেশ্যমূলক, অসত্য ও বানোয়াট বলে মন্তব্য করা হয়েছে।
এদিকে দর্শন বিভাগের ৩৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৯ জনের স্বাক্ষরসহ আরও একটি প্রতিবাদপত্র গতকাল পাঠানো হয়। এতে বলা হয়েছে, স্মরণিকার জন্য ১৩০ টাকা আর মৌখিক পরীক্ষার ফি বাবদ ৭০ টাকা নেওয়া হয়েছে।
প্রতিবেদকের বক্তব্য: শিক্ষার্থীরা জানিয়েছেন, চার মাস আগে কলেজ থেকে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করার সময় তাঁদের স্মরণিকা দেওয়া হয়। এ জন্য তখনই তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়। আর পরীক্ষার ফরম পূরণের সময়ই একসঙ্গে লিখিত ও মৌখিক পরীক্ষার ফি নেওয়া হয়।
গত মঙ্গলবার যোগাযোগ করা হলে দর্শন বিভাগের প্রধান আবদুস সালাম প্রথম আলোর কাছে টাকা আদায়ের বিষয়টিই অস্বীকার করেছিলেন। অথচ গতকাল পাঠানো প্রতিবাদপত্রে তিনি স্মরণিকার জন্য টাকা নেওয়ার কথা স্বীকার করেন।