সুনামগঞ্জের হাওরে ফসলহানি ও বাঁধ নির্মাণের অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী এই কমিটি গঠন করা হয়।
এদিকে ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারকাজে পানি উন্নয়ন বোর্ডের (পাবলো) কর্মকর্তা-কর্মচারী, ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) দুর্নীতি ও গাফিলতির কারণে হাওরে হাজার কোটি টাকার ফসলহানির অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি। দুর্নীতি দমন কমিশনে (দুদক) এই মামলা করা হবে।
এ ছাড়া সিলেট ও মৌলভীবাজারে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. শফিউল আলমকে প্রধান করা হয়েছে। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, সুনামগঞ্জে গত রোববারের বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী এই কমিটি করা হয়েছে। এই কমিটি হাওরের ফসলহানি ও বাঁধ নির্মাণের বিষয়টি খতিয়ে দেখবে। সার্বিক বিষয়ে মূলত কমিটি হবে মন্ত্রণালয় পর্যায় থেকে।
এদিকে জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, হাওরের ফসলহানির ঘটনায় গতকাল দুপুরে সমিতির নিজস্ব মিলনায়তনে বিশেষ সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ শায়েখ আহমদ। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ ফজলুল হক, হুমায়ুন মনজুর চৌধুরী, মো. জহুর আলী, সত্যব্রত রায় প্রমুখ।
সভায় ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির সঙ্গে জড়িত পাউবোর কর্মকর্তা, ঠিকাদার ও পিআইসির বিরুদ্ধে দুদকে মামলা করা হয়। পাশাপাশি সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে সমিতির পক্ষ থেকে প্রধানমন্ত্রী, ত্রাণ, দুর্যোগ ও পুনর্বাসনমন্ত্রী, পানিসম্পদমন্ত্রী এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত হয়। দাবি জানানো হয় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আগামী বোরো ফসল তোলার আগ পর্যন্ত প্রতিটি গ্রামে ন্যায্যমূল্যে চাল ও আটা বিক্রি করা, কৃষিঋণ আদায় বন্ধ রেখে বিনা সুদে কৃষকদের ঋণ ও কৃষি উপকরণ প্রদান করার।
এদিকে ধরমপাশা উপজেলা পরিষদের সামনের সড়কে গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২ পর্যন্ত মানববন্ধন করা হয়। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন এই কর্মসূচির আয়োজন করে। এতে বক্তারা হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে একমাত্র বোরো ফসল তলিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, কৃষি ও এনজিও ঋণ এক বছরের জন্য স্থগিতকরণ, নতুন ঋণ প্রদান, প্রতি ওয়ার্ডে ডিলার নিয়োগ করে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি, সরকারিভাবে ফসলহারা ক্ষতিগ্রস্ত কৃষকদের পর্যাপ্ত সহায়তাকরণ ও সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
এ ছাড়া উপজেলার বাদশাগঞ্জ বাজার থেকে সাত কিলোমিটার পথ হেঁটে গতকাল বেলা পৌনে একটার দিকে উপজেলা সদরে এসে লাল নিশান হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির উপজেলা শাখার নেতা-কর্মীরা। মিছিলে হাওরের বোরো ফসলডুবির ঘটনায় জড়িত পাউবোর কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও ঠিকাদারদের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়।
ক্ষতিপূরণসহ পাঁচ দফা দাবিতে গতকাল দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জের ও রাজনগরে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর বোরো চাষিরা স্মারকলিপি দিয়েছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে উপজেলা দুটোকে বন্যাদুর্গত এলাকা হিসেবে ঘোষণা করা, ক্ষতিগ্রস্ত কৃষকদের এক বছরের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সুবিধা দেওয়া ও কৃষি ভর্তুকির সুযোগ প্রদান, ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের মধ্যে রেশনিং ব্যবস্থা চালু করা ও সুদমুক্ত ঋণ প্রদান করা, ক্ষতিগ্রস্ত সব কৃষককে বিনা মূল্যে সার, বীজ দেওয়া।
হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত ও সুনামগঞ্জসহ হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে সিলেটে মানববন্ধন করা হয়েছে। গতকাল বেলা সাড়ে তিনটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক জোট সিলেটের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ অংশ নেন।
আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ূন চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী, বিএনপি নেতা মাহবুব চৌধুরী প্রমুখ।
{প্রতিবেদন তৈরিতে সহযোগিতা দিয়েছেন সুনামগঞ্জ অফিস এবং সিলেট, ধরমপাশা (সুনামগঞ্জ) ও কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি}