তদন্ত কমিটি গঠনের নির্দেশ স্পিকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ ভবনসংলগ্ন এমপি হোস্টেলে বহিরাগত ব্যক্তির অফিস খোলার ঘটনা তদন্তে কমিটি গঠন করতে সংসদ সচিবালয়কে নির্দেশ দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গতকাল বৃহস্পতিবার তিনি এ নির্দেশ দেন।
সংসদ সচিবালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, স্পিকারের নির্দেশ পেয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেছেন। তিন দিনের ছুটি থাকায় আগামী সোমবার নাগাদ তদন্ত কমিটি গঠন করা হতে পারে।
এদিকে সংসদ ভবনের মতো সংরক্ষিত ও স্পর্শকাতর স্থাপনা এলাকায় অফিস খুলে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা ও প্রতারণার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া এমপি হোস্টেলের তত্ত্বাবধায়ক সালাহ উদ্দিনকে গতকাল শেরেবাংলা নগর থানার পুলিশ আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানায়। পরে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় গত বুধবার দুই দিনের রিমান্ডে নেওয়া ভুয়া সেনা কর্মকর্তা মো. মাহমুদুল হাসান ওরফে মনির হোসেনসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আজ শুক্রবার তাঁদের রিমান্ড শেষ হবে।
মামলার এজাহারভুক্ত অপর আসামি সংসদ সচিবালয়ের সদস্য ভবন শাখার প্রশাসনিক কর্মকর্তা সুজিত কুমার দেকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সংসদ সচিবালয় সূত্র জানায়, সুজিত কুমার দে গতকাল কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, সুজিত কুমার দে পলাতক আছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই মামলায় রিমান্ডে থাকা আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। তিনি জানান, জিজ্ঞাসাবাদে মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান দাবি করেছেন, এমপি হোস্টেলের তত্ত্বাবধায়ক সালাহ উদ্দিন তাঁকে এ কাজে সম্পৃক্ত ও ব্যবহার করেছেন। মাহমুদুলের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়।
সালাহ উদ্দিনের জায়গায় গতকাল আনোয়ার হোসেন নামের একজনকে মৌখিকভাবে ওই এমপি হোস্টেলের তত্ত্বাবধায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
এমপি হোস্টেলের একটি ফ্ল্যাটে অফিস খুলে তদবির ও প্রতারণা করার অভিযোগে মাহমুদুল হাসানসহ চারজনকে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়। নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে তিনি প্রায় এক বছর ধরে ওই অফিসে বসে প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির এবং চাকরি দেওয়ার নামে লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ওই চারজন এবং এমপি হোস্টেল শাখার দুই কর্মকর্তা-কর্মচারীকে আসামি করে মঙ্গলবার রাতেই শেরেবাংলা নগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। বুধবার সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।