
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় গতকাল সোমবার ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল কম। তবে পূর্বনির্ধারিত সব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গোলাগুলির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী ছাত্রাবাসে পুলিশি পাহারা রয়েছে। আতঙ্কে ওই ছাত্রাবাসের সাধারণ শিক্ষার্থীরা হল ত্যাগ করেছেন।
তুচ্ছ ঘটনায় গত রোববার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী ছাত্রাবাসের সামনে ছাত্রলীগ-শিবিরের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। রাতে তল্লাশি চালিয়ে পুলিশ ছাত্রাবাস থেকে পেট্রলবোমা উদ্ধার করে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোহাম্মদ শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, দুটি ছাত্রসংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনার জের ধরে নিরাপত্তাজনিত কারণে সোহরাওয়ার্দী ছাত্রাবাসে পুলিশি পাহারা রাখা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ জানান, বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী ছাত্রাবাস আপাতত পুলিশি হেফাজতে থাকবে।শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কাল (মঙ্গলবার) যোগাযোগমন্ত্রী উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের পরে শিক্ষকদের সঙ্গে আলোচনা করে ছাত্রবাসটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের প্রভোস্ট মোহাম্মদ মাহাবুবুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটির বাকি দুই সদস্য হলেন সহকারী প্রক্টর মোরশেদুল আলম ও ফলিত পদার্থবিদ্যা বিভাগের শিক্ষক মো. শাহ আলম।
জানতে চাইলে মোহাম্মদ মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কমিটির সবার সঙ্গে বসে কাজ শুরু করছি।’
সকাল ১০টায় দর্শন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মমিনুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সংঘর্ষ শুরু হলে হল থেকে দৌড়ে পালিয়ে প্রাণ বাঁচাই। বইপত্র, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় কোনো জিনিসপত্র নিতে পারিনি। ওরা রাজনীতি করবে, আমরা সাধারণ শিক্ষার্থীরা কেন দুর্ভোগ পোহাব? এখন কোথায় থাকব? পরীক্ষা কীভাবে দেব?’
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল জানান, রোববার বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, গোলাগুলি ও ছাত্রাবাস থেকে পেট্রলবোমা উদ্ধারের ঘটনায় থানায় একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।