তদন্ত কমিটিতে স্বাক্ষর করায় হট্টগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপাচার্যের কার্যালয় অবরুদ্ধ করার ঘটনায় গঠিত তদন্ত কমিটিতে স্বাক্ষর করায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কক্ষে কর্মকর্তারা হট্টগোল করেছেন। এ সময় কর্মকর্তারা রেজিস্ট্রারকে গালাগাল ও তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও রেজিস্ট্রার কার্যালয় সূত্র জানায়, বেতন স্কেল বাড়ানোর দাবিতে গত ২ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকারকে তাঁর নিজ কার্যালয়ে সাত ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। এ ঘটনা তদন্তে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আবদুল হান্নান, আলমগীর হোসেন খান, আতাউর রহমানসহ ১০-১৫ জন কর্মকর্তা কোনো অনুমতি না নিয়েই রেজিস্ট্রারের কার্যালয়ে ঢুকে পড়েন। এ সময় কর্মকর্তাদের কয়েকজনকে কার্যালয়ের দরজা ও আসবাবপত্রে লাথি মারতে দেখা গেছে। কার্যালয়ে ঢুকেই ‘আপনি কেন তদন্ত কমিটির চিঠিতে স্বাক্ষর করলেন’ বলে রেজিস্ট্রার এস এম আবদুল লতিফকে গালাগাল করেন এবং তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় কর্মকর্তা আবদুল হান্নান রেজিস্ট্রারকে মারতে উদ্যত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।