তদন্ত কমিটির কাছে বক্তব্য দেওয়ায় মারধরের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অংশগ্রহণমূলক ক্ষুদ্রাকার পানিসম্পদ সেচ প্রকল্পের খাল খনন কাজের অনিয়ম তদন্তের জন্য গঠিত কমিটির কাছে বক্তব্য দিতে গিয়ে এবার ছাত্রলীগের মারধরের শিকার হয়েছেন এক ব্যক্তি। এর আগে ওই বিষয়ে তদন্ত কমিটির কাছে মুখ না খোলার জন্য হুমকি দেওয়া হয়েছিল।
মারধরের শিকার ব্যক্তির নাম আলমগীর হোসেন মৃধা। তাঁর বাড়ি বরগুনা সদরের জেলখানা গ্রামে। তিনি ওই এলাকায় খাল খনন প্রকল্পের উপকারভোগী।
প্রত্যক্ষদর্শী চারজন বলেন, গতকাল শনিবার সকাল পৌনে ১০টার দিকে তদন্ত দলের সামনে বক্তব্য দিয়ে এলজিইডি ভবনের নিচতলায় আসতেই জেলা ছাত্রলীগের সহসভাপতি মাহফুজ আল নাসিমের নেতৃত্বে ছয়-সাতজন ক্যাডার ওই ব্যক্তিকে মারধর করে। এ সময় তিনি দৌড়ে এলজিইডি ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে আশ্রয় নেন। সেখানে তাঁকে প্রায় আধা ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। সকাল সোয়া ১০টার দিকে পুলিশ তাঁকে উদ্ধার করে।
জেলা ছাত্রলীগের সহসভাপতি মাহফুজ আল নাসিম বলেন, ‘আমি কাউকে মারধর করিনি।’
আলমগীর মৃধা বলেন, ‘সন্ত্রাসীরা আমার কাছ থেকে টাকাপয়সা ও মুঠোফোন ছিনিয়ে নিয়েছে। আমি এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছি।’
তদন্ত দলের প্রধান তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল মালেক সরকার গতকাল বিকেলে বলেন, ‘আমার সঙ্গে কথা বলে বাইরে যাওয়ার পর মারধরের বিষয়টি শুনেছি। বরগুনার নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’
ওই প্রকল্পের ঠিকাদার ও ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না।’
এর আগে এ নিয়ে গত ১৯ জুন প্রথম আলোয় ‘বরগুনায় ১৩ খাল খননের টাকা জলে যাচ্ছে!’ এবং ২৪ জুন ‘তদন্ত শুরু, উপকারভোগীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ’ শিরোনামে খবর প্রকাশিত হয়।