তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মুকসুদপুরের তালবাড়ি এলাকায় কালাবাড়ি বিলে কৃষিজমিতে সাময়িক বহিষ্কৃত যুবলীগের কেন্দ্রীয় নেতার নির্মাণাধীন শিল্প পার্ক পরিদর্শন করেছে তদন্ত কমিটি। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত কমিটি ভুক্তভোগীদের সাক্ষ্যগ্রহণ করে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নঈম মোহাম্মদ মারুফ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুম ও মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান উপস্থিত ছিলেন।
গত বুধবার প্রথম আলোয় ‘গোপালগঞ্জে ফসলি জমিতে যুবলীগ নেতার শিল্প পার্ক’—শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিনই কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ আতিয়ার রহমানকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়। কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা আগামী ১৫ দিনের মধ্যে জানাতে তাঁকে নোটিশ দেওয়া হয়। আতিয়ারের বাড়ি উপজেলার লখণ্ডা গ্রামে। তিনি উপজেলার জলিরপাড় ইউনিয়নের তালবাড়ি গ্রামের কাছে কালাবাড়ি বিলের উর্বর কৃষিজমিতে ‘ছাছকো গ্রুপ’ নামে ওই শিল্প পার্ক স্থাপন করছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তদন্ত কমিটি এ শিল্প পার্কের জন্য জোর করে জমি নেওয়া, ফসলি জমিতে বালু ফেলা, সরকারি গাছ কর্তন, নদী থেকে বালু উত্তোলনের ফলে তীরে ভাঙন ও পানি উন্নয়ন বোর্ডের জায়গায় দীর্ঘদিন ধরে বসবাসকারীদের হুমকি দেওয়াসহ আতিয়ারের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ লিপিবদ্ধ করা হয়। আতিয়ারের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত কমিটির কাছে অস্বীকার করেছেন তিনি।
৭ এপ্রিল ওই এলাকার ১৪৮ জন ‘আতিয়ারের বিরুদ্ধে কৃষকের ধানি জমি জবরদখল, সরকারি গাছ কর্তন, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন এবং জোরপূর্বক ফসলি জমিতে বালু ভরাট’ বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। জেলা প্রশাসক মো. খায়রুজ্জামান অভিযোগটি তদন্তের জন্য ইউএনও আবু নঈম মোহাম্মদ মারুফ খানকে নির্দেশ দেন। ইউএনও বিষয়টি তদন্তের দায়িত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুমকে। মাসুম বলেন, গতকাল ওই এলাকার ১১ জনের বক্তব্য লিপিবদ্ধ করেছেন। আতিয়ারের বক্তব্যও নিয়েছেন। আগামী ১০ দিনের মধ্যে এ প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হবে।