তদন্ত কমিটির মুখোমুখি হননি সেই সিভিল সার্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়োগ-বাণিজ্যের অভিযোগে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হওয়া সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দাস ও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী আবদুস সালাম শেষ দিনেও তদন্ত কমিটির মুখোমুখি হননি।
এদিকে থানায় সাধারণ ডায়েরি করা একাধিক ব্যক্তি গত সোমবার সিভিল সার্জন কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযুক্ত সাবেক সিভিল সার্জনের বিরুদ্ধে ঘুষ নেওয়া এবং ওই টাকা ফেরত পাওয়ার কথা তদন্ত কমিটিকে জানিয়েছেন।
তদন্ত কমিটির প্রধান স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (ডেন্টাল) নজরুল ইসলাম সোমবার প্রথম আলোকে বলেন, গত রোববার থেকে শুরু হওয়া দুদিনের তদন্ত শেষে অভিযোগের সত্যতা মিলেছে। কিন্তু দুদিনেও অভিযুক্ত সাবেক সিভিল সার্জন উপস্থিত হননি। এ ছাড়া সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত অন্য কয়েকজনও এ বাণিজ্যের সঙ্গে জড়িত বলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে। তাঁদের ঢাকায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
কসবার এক চাকরিপ্রার্থীর বরাত দিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘চাকরির জন্য দেওয়া ঘুষের টাকা এক প্রার্থী সিভিল সার্জনের কাছ থেকে ফেরত পেয়েছেন বলে আমাদের জানান।’ তবে তদন্তের স্বার্থে ওই প্রার্থীর নাম ও টাকার অঙ্ক তিনি উল্লেখ করেননি।
তদন্ত দলে থাকা স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবরক্ষণ কর্মকর্তা আলমগীর কবির খান বলেন, তদন্ত এখনো শেষ হয়নি।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কার্যালয়ের অধীনে জেলার সব কটি উপজেলার স্বাস্থ্য প্রতিষ্ঠানে গত ২৮ মার্চ লিখিত, ১৬ মে মৌখিক পরীক্ষা শেষে ২৬ জুলাই বিভিন্ন পদে নিয়োগপ্রাপ্ত ১৭২ জনের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়। এরপর নিয়োগে অনিয়ম ও ঘুষ নেওয়ার অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়া সদর, কসবা ও নবীনগর থানায় তৎকালীন সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩ আগস্ট নারায়ণ চন্দ্র দাসকে ওএসডি করা হয়। এ নিয়ে চলতি মাসের ২ আগস্ট ‘কোটি টাকার নিয়োগ-বাণিজ্য! সিভিল সার্জনসহ চারজনের বিরুদ্ধে থানায় জিডি’ শিরোনামে প্রথম আলোর শেষের পাতায় ও ৪ আগস্ট ‘নিয়োগ-বাণিজ্যের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জনকে ওএসডি’ এবং ২৫ আগস্ট ‘ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সিভিল সার্জনের বিরুদ্ধে তদন্ত শুরু’ শিরোনামে বিশাল বাংলায় প্রতিবেদন প্রকাশিত হয়।