সেতুসহ বিভিন্ন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে গতকাল বুধবার পটুয়াখালীর বাউফল উপজেলায় আসে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটি তদন্ত দল। তবে দলটি অভিযুক্ত ঠিকাদারদের সঙ্গে খোশগল্প করে ও ভূরিভোজ করে চলে গেছে বলে অভিযোগ উঠেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২০১৫-১৬ অর্থবছরে গ্রামীণ রাস্তায় সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের ৩০টি সেতুর দরপত্র, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ নানা অনিয়মের ঘটনা তদন্ত করতে এসেছিল দলটি। নেতৃত্বে ছিলেন অধিদপ্তরের সেতু ও কালভার্ট বিভাগের উপ-প্রকল্প পরিচালক সাখাওয়াৎ হোসেন। তিনি একটি জিপে করে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা চত্বরে পৌঁছান। তাঁর গাড়ির পেছনে ছিল আরও চারটি গাড়ি। তাতে ছিলেন বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলার অন্তত ২০ জন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সরকারদলীয় যেসব ঠিকাদারের বিরুদ্ধে সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ রয়েছে, তাঁদেরই কয়েকজন তদন্ত দলের প্রধান সাখাওয়াৎ হোসেনের সঙ্গে খোশগল্পে মেতে আছেন। তবে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তাঁরা সটকে পড়েন।
তদন্তের বিষয়ে জানতে চাইলে সাখাওয়াৎ হোসেন বলেন, চারটি সেতুর নির্মাণকাজ তিনি সরেজমিন পরিদর্শন করেছেন। কোন চারটি সেতু পরিদর্শন করেছেন এবং তাঁর কয় সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি এসেছে, জানতে চাইলেও তিনি জবাব না দিয়ে গাড়িতে উঠে পড়েন।
তবে ওই গাড়িবহরের পিছু নেন স্থানীয় কয়েকজন সাংবাদিক। গাড়িবহরটি প্রায় ২০ কিলোমিটার দূরে উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বেলা দুইটার দিকে থামে। সেখান থেকে পায়ে হেঁটে কর্মকর্তারা যান ‘আবদুল ওয়াজেদ হাউজ’ নামের একটি বাড়িতে। ওই বাড়িতে আয়োজন করা হয় ভূরিভোজের। রান্নার জন্য বাবুর্চি আনা হয় পাশের ভোলা জেলা থেকে। গরু, খাসি ও মুরগির মাংস ছাড়াও ছিল ইলিশ, রুই, গলদা চিংড়িসহ ১৯ পদের খাবার। তদন্ত দলের সদস্যরা ছাড়াও এ ভূরিভোজে উপজেলা আওয়ামী লীগের প্রথম সারির কয়েকজন নেতা, সংশ্লিষ্ট ঠিকাদারসহ দেড় শতাধিক মানুষ অংশ নেন। ভূরিভোজে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় করা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঠিকাদার জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ওই বাড়ির মালিক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভার্ট বিভাগের বিভাগীয় প্রকৌশলী জহিরুল ইসলাম। তাঁর উপস্থিতিতে এ ভূরিভোজের আয়োজন করেন স্থানীয় ঠিকাদারেরা। জহিরুলের ছোট ভাই সাইদুর রহমান ওরফে শামীম মুন্সিও একজন ঠিকাদার। কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদকও একটি সেতুর কাজ পেয়েছেন।
কয়েকজন সাধারণ ঠিকাদার ও স্থানীয় কয়েকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্ষমতাসীন দলের যেসব ঠিকাদার দরপত্র ছাড়াই সেতুর কাজ নিয়েছেন এবং নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ নানা অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে, তাঁদের নিয়েই ভূরিভোজ করল তদন্তে আসা দলটি। এ তদন্ত না হওয়াই ভালো ছিল।
গত ২৯ জুন প্রথম আলোয় ‘বিনা দরপত্রে ১৫ সেতুর কাজ আ.লীগ ঠিকাদারদের বণ্টন!’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এ ছাড়া বাউফলে ৩০টি সেতুর নির্মাণকাজের অনিয়ম নিয়ে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে খবর প্রকাশিত হয়। এরপরই গতকাল তদন্তে আসেন ওই কর্মকর্তারা।
ভূরিভোজ শেষে জানতে চাইলে তদন্ত দলের প্রধান সাখাওয়াৎ হোসেন বলেন, ‘তদন্ত করতে এসেছি। যা পেয়েছি, তা-ই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’ এর বাইরে অন্য কোনো প্রশ্নের জবাব দিতে অপারগতা প্রকাশ করেন তিনি।