তদন্ত কর্মকর্তাকে ঘুষ দিতে গিয়ে আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মানব পাচার মামলার তদন্ত কর্মকর্তাকে ৪৫ হাজার টাকা ঘুষ দেওয়ার সময় একজনকে আটক করা হয়েছে। তাঁর নাম মো. মাহমুদ হাসান ওরফে রুবেল (২৩)। তিনি আসামিপক্ষের আইনজীবীর সহকারী।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহর ভাষ্যমতে, মানব পাচার মামলায় রিমান্ডে থাকা দুই আসামি হলেন জাকির হোসেন ও তাঁর স্ত্রী বানেছা বেগম। তাঁদের আইনজীবী হলেন নারায়ণগঞ্জের জজ কোর্টের আইনজীবী জুবের আলম জীবন। গতকাল বুধবার রাতে তাঁর সহকারী একটি খাম নিয়ে তদন্ত কর্মকর্তার কাছে আসেন এবং আসামিদের অবৈধ সুযোগ-সুবিধার দেওয়ার জন্য ৪৫ হাজার টাকাভর্তি একটি খাম এগিয়ে দেন। তখন হাতেনাতে তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগে মামলা হয়। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতে রয়েছেন।

এই দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং অস্ত্র নিয়ন্ত্রণ আইনেও মামলা আছে। তিনটি মামলায় তাঁরা রিমান্ডে আছেন। এর মধ্যে মানব পাচার মামলাটি তদন্ত করছেন পুলিশ পরিদর্শক (অপারেশন) নাসিরউদ্দিন সরকার।

এ ব্যাপারে জানতে চাইলে জুবের আলম প্রথম আলোকে বলেন, গতকালও মাহমুদ তাঁর সঙ্গে বিকেল পর্যন্ত কাজ করেছেন। এরপর কী হয়েছে, তিনি জানেন না। আজ আদালতে এসে তিনি বিষয়টি শুনেছেন। তবে ঘুষ দেওয়ার প্রসঙ্গে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন।