তদন্ত ধামাচাপার চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল জালিয়াতির তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বিভাগীয় মামলার শুনানিতে উপস্থিত অভিভাবকেরা এই অভিযোগ করেন। অভিভাবকেরা বলেন, জালিয়াতির ঘটনায় মূল অভিযুক্ত তৎকালীন বোয়ালিয়া থানা শিক্ষা কর্মকর্তা রাখি চক্রবর্তী। কিন্তু তদন্তে তাঁকে বাদ দিয়ে প্রকৃত ঘটনাটা ধামাচাপার চেষ্টা চলছে।

প্রাথমিক শিক্ষার রাজশাহী বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ে গত বৃহস্পতিবার ফল জালিয়াতির ঘটনায় বিভাগীয় মামলার এই শুনানি হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, থানা শিক্ষা কর্মকর্তা ও একজন অফিস সহকারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা হলেও এই শুনানিতে শুধু জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেমকে উপস্থিত থাকার জন্য জ্যেষ্ঠ সহকারী সচিব নাসিম আহাম্মেদ ৫ জানুয়ারি নোটিশ দেন।

অভিভাবকদের অভিযোগ, অথচ গত জুলাইয়ে রাজশাহীতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সাইফুল ইসলামের তদন্তে উঠে আসে, রাখি চক্রবর্তী ছাড়া তৃতীয় কোনো ব্যক্তির পক্ষে নম্বর জালিয়াতি করা সম্ভব ছিল না। তদন্তের সার্বিক মন্তব্যে বলা হয়েছে, বোয়ালিয়া থানা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এই নম্বর পরিবর্তন করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দ্বারা প্রভাবিত হয়ে থানা শিক্ষা কর্মকর্তা এই কাজ করেছেন। কিন্তু গত বছরের ১৬ নভেম্বর মন্ত্রণালয়ে দাখিল করা বিভাগীয় মামলার কারণ দর্শানো নোটিশের জবাবে তৎকালীন থানা শিক্ষা কর্মকর্তা রাখি চক্রবর্তী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মেয়ের নম্বর বাড়িয়ে ট্যালেন্টপুলে বৃত্তি লাভে সহযোগিতার কথা অস্বীকার করেন।

গত বৃহস্পতিবার শুনানির জন্য ভারপ্রাপ্ত সচিবের সই করা একটি অভিযোগ বিবরণী উপস্থাপন করা হয়। তাতে স্বাক্ষরের জায়গায় কোনো তারিখ ছিল না। আবার এতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেমকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ‘কেন্দ্রসচিব’ হিসেবে বিবেচনায় এনে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। প্রকৃতপক্ষে এই পরীক্ষার ‘সদস্যসচিব’ থাকেন একজন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

হাসিনা আক্তার নামের একজন অভিভাবক বলেন, যিনি শুনানি করতে এসেছিলেন, তিনি প্রথমে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেমকে অভিযুক্ত করে বিবৃতি তৈরি করে তাঁদের (অভিভাবকদের) সই নিতে চাচ্ছিলেন। কিন্তু অভিভাবকদের চাপের মুখে রাখি চক্রবর্তী ও অফিস সহকারী সোনিয়া রওশনের নাম লিখতে বাধ্য হন। এরপর অভিভাবকেরা ওই বিবৃতিতে সই করেন।

গত বৃহস্পতিবার জ্যেষ্ঠ সহকারী সচিব নাসিম আহাম্মেদের এই শুনানিতে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়নি। পরে উপপরিচালক আবুল খায়ের বলেন, নাসিম আহাম্মেদ বিমানে করে ঢাকা চলে গেছেন। আবার আসবেন। তখন তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন।