তদন্ত না করেই চূড়ান্ত প্রতিবেদন?
তদন্ত না করেই লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্যমকাদমা গ্রামের কলেজছাত্রী হ্যাপী খাতুনের (১৮) আত্মহত্যার প্ররোচনা মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবুল কালাম গত ১১ নভেম্বর আদালতে এ প্রতিবেদন জমা দেন।
এ অবস্থায় ২ ডিসেম্বর আদালতে নারাজির আবেদন করেন মামলার বাদী হ্যাপীর মা রহিমা বেগম। এর আগে ৩০ নভেম্বর এসআই আবুল কালামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও মামলার পুনরায় তদন্তের দাবিতে বিভাগীয় কমিশনার, পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে একটি আবেদন পাঠান রহিমা।
রহিমা বেগম বলেন, ‘উপজেলার দৈখাওয়া গ্রামের সামছুল আলমের সঙ্গে হ্যাপীর বিয়ে ঠিক হয়। হবু জামাইয়ের চাহিদামতো তাঁর ঘর পাকা করতে আমি ৯০ হাজার টাকা দিই। সামছুলের ঘর পাকা হলো ঠিকই। কিন্তু হ্যাপীকে খারাপ মেয়ে বলে সামছুল তাঁকে বিয়ে না করে অন্যত্র বিয়ে করার কথা বলেন। আমার মেয়ে গত ২৪ আগস্ট রাতে আত্মহত্যা করার আগে মুঠোফোনে সামছুলের সঙ্গে কথা বলেন। খবর পেয়ে ২৫ আগস্ট হ্যাপীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে। আমি সামছুলসহ চারজনের বিরুদ্ধে ১ সেপ্টেম্বর জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আমলি আদালত-৪-এ হ্যাপীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করি। আদালত মামলাটির তদন্ত করে প্রতিবেদন দিতে থানাকে নির্দেশ দেন। আদালত থেকে মামলার এ-সংক্রান্ত কাগজপত্র ১৫ সেপ্টেম্বর থানায় আসে।’
রহিমা বেগম বলেন, মামলার তদন্ত না করেই এসআই আবুল কালাম ১১ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন। আসামিরা আবুল কালামকে প্রভাবিত করেছেন। তাই তিনি মামলার বাদী ও সাক্ষীদের সঙ্গে কথা না বলে কাল্পনিক জবানবন্দি তৈরি করে ওই প্রতিবেদন দেন।
এসআই আবুল কালাম বলেন, ‘হ্যাপী অভাব-অনটনের জন্য ২৪ আগস্ট রাতে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তাঁর মৃত্যুর ব্যাপারে কারও কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছি।’
পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান বলেন, ‘এসআই আবুল কালামের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জেনেছি।’