
বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের মামলার তদন্ত নিয়ে অস্বস্তিতে রয়েছে পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এ মামলা নিয়ে প্রভাবশালী ব্যক্তিরা তৎপর রয়েছেন। তাই তদন্তে কিছুটা সংশয় থেকেই যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগর পুলিশের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সাবেক মন্ত্রী ও একজন রাজনৈতিক নেতার প্রভাবে শুরু থেকেই ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তবে সরকারের শীর্ষ মহলের নির্দেশে শেষ পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল লালবাগে এক অনুষ্ঠানে বলেন, ধর্ষণের ঘটনায় তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা কোনো ঘটনাকে ধামাচাপা দিই না। তদন্ত না করে প্রকাশও করি না। তদন্ত চলছে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত দল গতকাল ঘটনাস্থল হোটেল রেইনট্রি পরিদর্শন করেছে। কমিশন প্রাথমিকভাবে মানবাধিকার লঙ্ঘিত হওয়ার তথ্যপ্রমাণ পেয়েছে।
অভিযোগ উঠেছে, জনমতের চাপে শাফাত ও সাকিফকে গ্রেপ্তার করা হলেও বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে না। গতকাল শনিবার রাত পর্যন্ত মামলার পলাতক তিন আসামিকে পুলিশ ধরতে পারেনি। অথচ মামলার এজাহারে ওই তিন আসামির বিরুদ্ধেও গুরুতর অভিযোগ করা হয়েছে।
পলাতক আসামিদের মধ্যে নাঈম আশরাফের বিরুদ্ধে রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয় ছাত্রীদের ধর্ষণ এবং শাফাতের গাড়িচালক বিল্লালের বিরুদ্ধে ধর্ষণের ভিডিও ফুটেজ ধারণ করার অভিযোগ আছে। অপর আসামি শাফাতের সশস্ত্র দেহরক্ষী আবুল কালাম আজাদ ওই ঘটনার পর বাদীর বাড়ির সামনে ঘোরাফেরা করতে শুরু করেন ও ভয় দেখান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক শেখ হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, এই মামলায় ভিডিও ফুটেজ খুব গুরুত্বপূর্ণ আলামত। তা ছাড়া ঘটনার আগে-পরে মামলার বাদীর সঙ্গে আসামিদের কথোপকথন বা ‘চ্যাট’-এর রেকর্ড, সেটা যে মাধ্যমেই হোক না কেন, সেটিও সাক্ষ্য হিসেবে গণ্য হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভিডিও ফুটেজ, প্রযুক্তিগত যেকোনো বস্তু আদালতে আমলযোগ্য। এ নিয়ে উচ্চ আদালতের রুলিং আছে। হোটেল কর্তৃপক্ষ বলছে, এক মাসের বেশি সময়ের ফুটেজ রাখা হয় না। মুছে ফেলা ফুটেজটি দ্রুত উদ্ধারে প্রযুক্তিগত সহযোগিতা নেওয়া দরকার।
বনানী ধর্ষণ মামলার তদন্ত সহায়ক কমিটির প্রধান ও ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় প্রথম আলোকে বলেন, এখনো সার্ভার জব্দ করা হয়নি। সার্ভার জব্দ করে মুছে ফেলা ফুটেজ উদ্ধারের চেষ্টা করা হবে।
মুছে ফেলা ভিডিও ফুটেজ পুনরুদ্ধার করা সম্ভব কি না, জানতে চাইলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বার গতকাল প্রথম আলোকে বলেন, ‘আপনি যদি আপনার পেন ড্রাইভ বা মুঠোফোনের কোনো ছবি অসাবধানে ডিলিট করে ফেলেন, তাহলে এলিফ্যান্ট রোড বা গুলিস্তানের কিছু দোকানে অল্প কিছু টাকা দিলেই আবার ফেরত পেতে পারেন। সেখানে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অত্যাধুনিক ফরেনসিক ল্যাব আছে। পুলিশ কেন হোটেলের সার্ভার সিজ করে ফরেনসিক ল্যাবে পরীক্ষা করে দেখছে না? তাহলেই তো ফুটেজ উদ্ধার করা সম্ভব।’ তিনি আরও বলেন, এই মামলায় ইলেকট্রনিক ডিভাইসে অর্থাৎ মুঠোফোনে আলাপ-আলোচনা, ম্যাসেঞ্জার কথোপকথনের তথ্যও মুছে ফেলার পর তা উদ্ধার করা পুলিশের জন্য কোনো ব্যাপার নয়।
এদিকে হোটেল রেইনট্রি কর্তৃপক্ষ আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে। এখন তারা বলছে, হোটেলটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় গত ৯ এপ্রিল। তারা ঘটনার সময় পরীক্ষামূলকভাবে হোটেলটি চালাচ্ছিল। ফলে অনেক ব্যবস্থাই তখন চালু ছিল না। চার তারকা মানের এই হোটেলের মালিক ঝালকাঠি-১ আসনের সাংসদ বি এইচ হারুনের চার সন্তান। তাঁরা হলেন হুমায়রা হারুন, নাহিয়ান হারুন, আদনান হারুন ও মাহির হারুন। আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাতের বন্ধু এই মাহির হারুন। এদিকে হোটেলের একটি সূত্র গতকাল রাতে নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেছে, রাতের দিকে পুলিশ তাদের হোটেলে যায় এবং হোটেলের লোকজনকে ওই দিনের ঘটনা সম্পর্কে মুখ খুলতে নিষেধ করেছে।
এর আগে সকালে হোটেলের মহাব্যবস্থাপক ফ্র্যাঙ্ক ফরগেট মামলা দায়েরের পরপর ‘অস্বাভাবিক কিছু ঘটেনি’ এমন দাবি করেন। তিনি বলেন, ওই রাতে হোটেলে অস্বাভাবিক কিছু ঘটেনি। বাদী হোটেল কর্তৃপক্ষকে কোনো অভিযোগ করেননি। তাঁরা ‘হাসতে হাসতে’ বেরিয়ে গেছেন। চেক আউটের সময় কর্মরতদের কাছ থেকে তাঁরা এমন তথ্য পেয়েছেন। অন্যদিকে মামলার বাদী সাংবাদিকদের বলেন, সে রাতে শাফাত আহমেদ ও নাঈম আশরাফ তাঁদের জোর করে মদ পান করান এবং ধর্ষণ করেন। তাঁরা ওই সময় চিৎকার করে কেঁদেছেন, আসামিদের পায়ে ধরেছেন। তাঁদের প্রশ্ন, এত চিৎকার-চেঁচামেচির পরও হোটেল কর্তৃপক্ষ কেন শোনেনি।
গতকাল হোটেল রেইনট্রির এক্সিকিউটিভ ইন্টারনাল অপারেটর ফারজান আরা রিমি বলেন, ‘আমাদের সবগুলো রুম সাউন্ডপ্রুফ। রুমের ভেতরে কিছু ঘটলে পাশের রুম থেকে শোনার কোনো সুযোগ নেই।’ প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, তাঁদের ‘অতিথি’দের কেউ আগ্নেয়াস্ত্র বহন করছিলেন না। ফ্রন্ট ডেস্কে অস্ত্র জমা দিয়ে গিয়েছিলেন। তাঁরা মদ নিয়েও হোটেলে ঢোকেননি। হোটেলে মদ বিক্রির লাইসেন্স নেই। তারপর তিনি বলেন, ‘তারা হাইড (লুকিয়ে) করতে পারে। আমাদের স্ক্যানার মেশিন ছিল। কানেকটেড ছিল না।’ ভিডিও ফুটেজ নেই, তাঁরা কিসের ভিত্তিতে বলছেন, মামলার বাদী হাসতে হাসতে বেরিয়ে গেছেন জানতে চাইলে বলেন, অভ্যর্থনায় যাঁরা ছিলেন, তাঁরাই এই তথ্য দিয়েছেন। তবে হোটেলে ঢোকার সময় কয়টি অস্ত্র কোথায়, কীভাবে জমা রাখা হয়েছিল, সে ব্যাপারে অভ্যর্থনায় থাকা কর্মীদের বক্তব্য কী, জানতে চাইলে সুস্পষ্ট জবাব দেননি তিনি। ৪০ দিন পর অনেক কথাই তাঁরা ভুলে গেছেন বলে দাবি করেন।
প্রশ্ন উঠেছে, হোটেলটিতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছাড়াই পার্টির অনুমতি দেওয়া হলো কেন? তাহলে কি পুরো বিষয়টি পূর্বপরিকল্পিত? এ ব্যাপারে হোটেল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
মানবাধিকার লঙ্ঘিত হয়েছে
ধর্ষণের ঘটনা খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশনের গঠিত তদন্ত কমিটির সদস্যরা গতকাল হোটেল রেইনট্রি পরিদর্শনে যান। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান করেন। বেরিয়ে এসে কমিটির সার্বক্ষণিক সদস্য মো. নজরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে মনে হয়েছে, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।’ তিনি আরও বলেন, তাঁরা হোটেল রেইনট্রির ব্যবস্থাপক ফ্র্যাঙ্ক ফরগেট, খাবার পরিবেশক ও নিরাপত্তার সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, শাফাত আহমেদ ও নাঈম আশরাফের নামে হোটেলের দুটি কক্ষ ভাড়া নেওয়া হয়েছিল। দুই কক্ষের মধ্যে একটি স্যুইট। এটি ভিআইপি কক্ষ হিসেবেও গণ্য করা হয়। ওই রাতে জনা দশেক গেস্ট হোটেলে ছিলেন বলে জানানো হয়।
রেইনট্রি হোটেলের কয়েকজন কমিশনকে বলেন, রাত সাড়ে ১২টার দিকেও বাইরের লোক চলে না যাওয়ায় তাঁরা গিয়ে শাফাত ও নাঈমকে বিষয়টি জানান। তাঁরা বলেন, সেখানে পার্টি দেওয়া হয়েছে বলেই বেশি লোকজন এসেছে। তবে পার্টি শেষে তাঁরা চলে যাবেন। হোটেলের লোকজন বলেন, দুজনের নামে দুই কক্ষ ভাড়া নেওয়া হলেও পরদিন সকালে দুই তরুণীকে তাঁরা হোটেল থেকে চলে যেতে দেখেছেন।
নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দুই তরুণীকে চলে যেতে দেখলেও এ বিষয়ে তাঁরা কেন শাফাত ও নাঈমকে বলেননি? আমাদের এমন প্রশ্নের জবাবে হোটেলের কর্মীরা বলেন, স্যুইট ভাড়া নেওয়া ব্যক্তিদের তাঁরা ভিআইপি বলে গণ্য করেন। এসব বিষয় নিয়ে তাঁদের কাছে গিয়ে কথা বলার সাহস তাঁরা পাননি।’
ওই রাতে কথিত পার্টি চলার সময় হোটেলের কাউকে সেখানে যেতে দেওয়া হয়নি বলে কর্তৃপক্ষ তাঁদের জানায়, উল্লেখ করেন নজরুল ইসলাম।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গতকাল শনিবারও আসামিদের বিচার নিয়ে তাঁদের সংশয়ের কথা জানিয়েছেন। সামাজিক ও সাংস্কৃতিক নানা সংগঠন প্রতিবাদ অব্যাহত রেখেছে।
আরও পড়ুন...