
অনিয়মের তথ্য গোপন রেখেই বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনোয়ার হোসেনের মেয়াদ চতুর্থ দফায় বাড়ানো হয়েছে। এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রতিমন্ত্রী তারানা হালিমকে কোনো তথ্য না জানিয়ে কৌশলে মেয়াদ বাড়ানোর কাজটি করা হয়েছে বলে জানা গেছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সূত্রে জানা গেছে, পটুয়াখালীর কুয়াকাটায় নির্মিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের দেয়াল ধসের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বিএসসিসিএলের এমডি মনোয়ার হোসেনসহ প্রকল্প সংশ্লিষ্টদের অনিয়মের বিষয়টি উঠে আসে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ম সচিব ওসমান গণি তালুকদারের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গত বছরের ফেব্রুয়ারিতে মন্ত্রণালয়ের সচিব ও বিএসসিসিএলের চেয়ারম্যান ফয়জুর রহমান চৌধুরীর কাছে প্রতিবেদন জমা দেয়। এরপর প্রতিবেদনটি আর মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছে পাঠানো হয়নি। বরং ধামাচাপা দেওয়া হয় বলে অভিযোগ আছে। এমনকি বিএসসিসিএলের এমডি পদে মনোয়ার হোসেনের পুনর্নিয়োগের নথিতেও তদন্ত প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে আসা তথ্য গোপন করা হয়।
এ অভিযোগ অস্বীকার করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী। তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, ‘তদন্ত প্রতিবেদনের ফাইল অবশ্যই প্রতিমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। তবে প্রধানমন্ত্রীকে পাঠানো হয়েছে কি না, সেটি দেখে বলতে হবে।’
তবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম প্রথম আলোকে বলেন, ‘বিএসসিসিএলের অনিয়মসংক্রান্ত কোনো তদন্ত প্রতিবেদন আমার কাছে আসেনি। এ সংক্রান্ত প্রতিবেদন ১৫ দিনের মধ্যে সরাসরি আমার টেবিলে জমা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি।’
২০০৬ সালে কোম্পানি হিসেবে গঠিত হওয়ার পর থেকেই বিএসসিসিএলের এমডি পদে দায়িত্ব পালন করে আসছেন মনোয়ার হোসেন। তৃতীয় দফায় তাঁর চাকরির মেয়াদ শেষ হয় ২০১৬ সালের ৫ নভেম্বর। মেয়াদ শেষের আগে ওই বছরের ২ জুন বিএসসিসিএলের নতুন এমডি নিয়োগের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগ একটি বাছাই কমিটি গঠন করে। বাছাই কমিটি নিয়োগের জন্য যে চারজনের নাম চূড়ান্ত করে তাতে মনোয়ার হোসেনের নাম ছিল না। কিন্তু বাছাই কমিটির প্রতিবেদন উপেক্ষা করে গত বছরের ১৪ নভেম্বর মনোয়ার হোসেনকে চতুর্থবারের মতো নিয়োগ দিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে একটি আদেশ জারি করা হয়। এর এক দিন পর গত ১৫ নভেম্বর নিজের স্বাক্ষরে একটি আদেশ জারি করে এমডি পদে পুনরায় দায়িত্ব নেন মনোয়ার হোসেন। দুদিন পর ১৭ নভেম্বর বিএসসিসিএলের পরিচালনা পর্ষদের সভায় এ নিয়োগ অনুমোদন করা হয়। মনোয়ার হোসেন নিয়ম ভেঙে ওই পর্ষদ সভায় অংশ নেন এবং নিজের পুনর্নিয়োগের সিদ্ধান্ত নিজে অনুমোদন দেন। এমনকি ওই বোর্ড সভায় অংশগ্রহণের ছয় হাজার টাকা সম্মানীও তুলে নিয়েছেন তিনি।
বিএসসিসিএল সূত্র জানায়, এর আগে ২০১৪ সালে বিএসসিসিএলের এমডি পদে মনোয়ার হোসেনকে নিয়োগ দিতে চাকরির বয়সসীমা ৫২ থেকে বাড়িয়ে ৬২ বছর করা হয়। তাঁর পুনর্নিয়োগের বিষয়টি চ্যালেঞ্জ করে ২০১৪ সালের ৯ নভেম্বর হাইকোর্টে একটি রিট আবেদন হয়। আদালত মনোয়ার হোসেনের এমডি পদে থাকা কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেন। রিট আবেদনটি শুনানির জন্য এ পর্যন্ত ২৫ বার আদালতের তালিকায় এলেও শুনানি হয়নি।
দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিম ইউরোপের ১৬টি দেশের ১৯টি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে দ্বিতীয় সাবমেরিন কেব্ল বসানোর কাজ চলছে। এর সঙ্গে বাংলাদেশের সংযোগ ঘটানোর জন্য কুয়াকাটায় ল্যান্ডিং স্টেশন তৈরি করা হয়েছে। ২০১৫ সালের ৮ অক্টোবর প্রায় ৩০০ ফুট সীমানাপ্রাচীরসহ এই ল্যান্ডিং স্টেশনের একাংশ ধসে পড়ে। এ ঘটনায় যুগ্ম সচিব ওসমান গণি তালুকদারকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনেও বিএসসিসিএলের এমডিকে দায়ী করা হয়, যা এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়, নকশাগত ত্রুটি সীমানাপ্রাচীরটি ধসে পড়ার মূল কারণ। নকশায় ত্রুটি থাকার পরও পরামর্শক প্রতিষ্ঠানের মতামতের ভিত্তিতে বিএসসিসিএলের এমডি মনোয়ার হোসেন নিজেই ঠিকাদার প্রতিষ্ঠানকে ‘সময়মতো ও সন্তোষজনকভাবে কাজ শেষ হয়েছে’ বলে সনদ দেন। সরকারি ক্রয় আইন অনুযায়ী ঠিকাদারকে এ ধরনের সনদ দিতে পারেন প্রকল্প পরিচালক। কিন্তু ব্যবস্থাপনা পরিচালক নিজেই ঠিকাদারকে এ সনদ দিয়ে পিপিআরের সংশ্লিষ্ট ধারা লঙ্ঘন করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
তদন্ত প্রতিবেদনে প্রকল্প কার্যালয় প্রকল্প এলাকা থেকে ৭০ কিলোমিটার দূরে পটুয়াখালী শহরে স্থাপন করায় নির্মাণকাজ তদারকিতে অসুবিধা ও অতিরিক্ত অর্থ ব্যয়ের জন্য বিএসসিসিএলের এমডিকে দায়ী করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, সরকার গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের অপেক্ষা না করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) দিয়ে আরেকটি কমিটি গঠন করে প্রায় দুই লাখ টাকা খরচ করেন এমডি মনোয়ার হোসেন। এর মাধ্যমে তিনি স্বেচ্ছাচারিতা ও আর্থিক অব্যবস্থাপনার পরিচয় দিয়েছেন।
এসব বিষয়ে বক্তব্য জানতে বিএসসিসিএলের এমডি মনোয়ার হোসেনকে বেশ কয়েকবার ফোন করা হয়, খুদে বার্তাও (এসএমএস) পাঠানো হয়। কিন্তু তিনি কোনো সাড়া দেননি।
ওই তদন্ত প্রতিবেদনে প্রকল্প পরিচালক সম্পর্কে বলা হয়, বর্তমান প্রকল্প পরিচালক পারভেজ মনন আশরাফ ঠিকাদার কর্তৃক ধসে পড়া সীমানাপ্রাচীরের আলামত সংরক্ষণের বিষয়ে কোনো পদেক্ষপ নেননি। এর মাধ্যমে তিনি দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
প্রকল্প পরিচালক হিসেবে পারভেজ মনন আশরাফকে নিয়োগের ক্ষেত্রে সরকার অনুমোদিত শর্ত ও বিধি পালন করেনি বিএসসিসিএল। প্রতিষ্ঠানটির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) পদে নিয়োগ পেতে হলে প্রার্থীকে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ার হতে হবে। কিন্তু তা না হওয়া সত্ত্বেও পারভেজ মননকে ডিজিএম নিয়োগ দেওয়া হয়। পরে তাঁকে প্রকল্প পরিচালকও করা হয়। এ নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ (আইইবি) ২০১৬ সালের ২৯ জুন প্রতিমন্ত্রী তারানা হালিমকে চিঠি দেয়। এরপর গত বছরের ২ আগস্ট বিএসসিসিএলের বিভিন্ন দুর্নীতি-অনিয়মের অভিযোগ তদন্তে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ম সচিব হুসনুল মাহমুদ খানকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়। এরপর পাঁচ মাস পার হলেও এ কমিটি তদন্ত শুরু করেনি।
যুগ্ম সচিব হুসনুল মাহমুদ খান গতকাল প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি তদন্ত কমিটি গঠন বিষয়ে এখনো কোনো চিঠি পাননি। কিন্তু অন্য সদস্যরা চিঠি পেয়েছেন—এ কথা জানালে হুসনুল মাহমুদ বলেন, ‘সবাই চিঠি পেল, আমি কেন পেলাম না বুঝলাম না। আহ্বায়ক হিসেবে তো আমারই আগে পাওয়ার কথা।’