চট্টগ্রাম জেনারেল হাসপাতালের যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের আরও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রীর দপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে।
আজ সোমবার স্থানীয় সাংসদ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জিয়াউদ্দিন আহমেদ বাবলু ডাকযোগে ওই তিন দপ্তরে প্রতিবেদন পাঠান।
প্রতিবেদনের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর বরাবরে লেখা পত্রে সাংসদ উল্লেখ করেন, ‘২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২০১৪-১৫ অর্থবছরে ভারী যন্ত্রপাতি কেনার সময় গুরুতর অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক তদন্ত প্রতিবেদন আপনার অবগতি এবং অধিকতর তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো।’
এই পত্রের সঙ্গে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির গত ১০ এপ্রিলের সভার কার্যবিবরণী এবং পরবর্তী সময়ে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভার কার্যবিবরণী সংযুক্তি হিসেবে দেওয়া হয়। শেষ সভার কার্যবিবরণীর সঙ্গে যন্ত্রপাতি কেনাকাটার প্রাথমিক তদন্ত প্রতিবেদন এবং এ সম্পর্কিত সভার মতামত সংযুক্ত করা হয়।
জানতে চাইলে সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘আজ প্রাথমিক তদন্ত প্রতিবেদন, সভার কার্যবিবরণী–সংবলিত একটি চিঠি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর পাঠিয়েছি। এর সংযুক্তি দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এবং দুদকের মহাপরিচালক বরাবরে।’
জানা গেছে, গত ১০ এপ্রিল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। ওই সভায় তা তদন্তের জন্য জেলা প্রশাসককে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
কমিটির প্রতিবেদনের পর ৭ সেপ্টেম্বর ব্যবস্থাপনা কমিটির দ্বিতীয় সভায় তা নিয়ে আলোচনা হয়। সর্বশেষ সভায় হাসপাতালের যন্ত্রপাতি কেনাকাটা–সংক্রান্ত প্রাথমিক একটি তদন্ত প্রতিবেদন উপস্থাপন করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। ওই সভায় বিষয়টির অধিকতর তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তিন দপ্তরে সভার কার্যবিবরণী পাঠানোর সিদ্ধান্ত হয়। দুটি সভায় সভাপতিত্ব করেছিলেন স্থানীয় সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
প্রাথমিক তদন্ত কমিটির অপর দুই সদস্য ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী ও বিএমএ চট্টগ্রামের যুগ্ম সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী।
প্রাথমিক তদন্তে হাসপাতালের অনিয়ম ও কেনাকাটায় ব্যাপক দুর্নীতির প্রমাণ পায় জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটি। তদন্ত প্রতিবেদনে ২ কোটি ৮০ লাখ টাকা দামের এমআরআই মেশিন ৯ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকায় এবং সাড়ে ২৪ লাখ টাকার কালার ডপলার মেশিন ৬৫ লাখ টাকায় কেনা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও ১০ ধরনের যন্ত্রপাতি অস্বাভাবিক বেশি মূল্যে কেনা হয়েছে বলে মত দেওয়া হয়েছে।
এ নিয়ে ৬ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘১৫ হাজার টাকার যন্ত্র কেনা হলো ৯ লাখ ৩২ হাজার টাকায়’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।