তদন্ত প্রতিবেদন সরকারের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটির অন্তর্বর্তীকালীন প্রতিবেদন সরকারের কাছে জমা পড়েছে।
কমিটির প্রধান কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন গতকাল বুধবার সন্ধ্যায় সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এ প্রতিবেদন জমা দেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, তদন্ত কমিটির অন্য সদস্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ এবং অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিবেদন জমা দেওয়ার সময় অর্থমন্ত্রীর সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করে তদন্ত কমিটি। বৈঠক শেষে চলে যাওয়ার সময় মোহাম্মদ ফরাসউদ্দিনের কাছে সাংবাদিকেরা প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি কিছু বলতে পারবেন না বলে জানান।
মোহাম্মদ ফরাসউদ্দিন সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমাকে কেন, এ ব্যাপারে আপনারা সরকারকে জিজ্ঞাসা করুন।’ তিনি বলেন, রিজার্ভ চুরি একটা বড় ধরনের ঘটনা এবং ঘটনাটি স্পর্শকাতর। প্রতিবেদন জমা হয়েছে, সরকার আগে পরীক্ষা-নিরীক্ষা করুক।
সরকারকে এ জন্য দম নেওয়া এবং হজম করার সময় দিতে হবে বলেও মনে করেন ড. ফরাসউদ্দিন। তিনি বলেন, ‘সরকারকে একটু সময় দেওয়াটা খুব ভালো হয় না!’
ফরাসউদ্দিন কমিটির কার্যপরিধিতে এক মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন এবং ৭৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়।
সাংবাদিকেরা মোহাম্মদ ফরাসউদ্দিনের কাছে জানতে চান, এটা পূর্ণাঙ্গ প্রতিবেদন কি না। জবাবে তিনি বলেন, এটা পূর্ণাঙ্গই। কারিগরি দিকটি শুধু বাকি আছে।
মোহাম্মদ ফরাসউদ্দিন আরও বলেন, সরকার বলেছে, বিষয়টি তারা আগে পরীক্ষা করবে, তারপর এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবে।
ঘটনার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত কি না কিংবা প্রতিবেদনটি প্রকাশ করা হবে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘সরকারকে জিজ্ঞেস করতে হবে। প্রতিবেদনটি পড়ার পর হয় সরকার কথা বলবে, নতুবা আমাদের বলবে কথা বলার জন্য।’
‘তদন্ত প্রতিবেদন নিয়ে কি আপনি সন্তুষ্ট’—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি সন্তুষ্ট না হলে কোনো কাজে হাত দিই না।’ সচিবালয় থেকে অর্থমন্ত্রী বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের বলেন, ‘প্রতিবেদনটি আগে পড়ে দেখি, তারপর কথা বলব।’