
কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত হতে পারে —এ আশঙ্কা থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। তাতে তনুর লাশের দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন নিয়ে যেন প্রশ্ন না ওঠে, তা নিশ্চিত করাসহ পাঁচ দফা সুপারিশ করা হয়েছে।
ড. মিজানুর রহমান ৩ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বরাবর এ চিঠি দেন।
মানবাধিকার কমিশন মনে করে, প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনটি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। তাই দ্বিতীয়বারের ময়নাতদন্তে যেন বাড়তি কোনো প্রশ্নের উদ্রেক না করে। বরং যেসব প্রশ্নের উত্তর পাওয়া আবশ্যক, ন্যায়বিচারের স্বার্থে সেটি থাকবে বলে কমিশন বিশ্বাস রাখতে চায়।
চিঠিতে বলা হয়, কেউ যদি প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন অন্য খাতে প্রবাহিত করার অপচেষ্টা করে থাকে কেবল তাঁকে নয়, এ কাজে তাঁকে যে বা যাঁরা সাহস জুগিয়েছেন বা বাধ্য করেছেন, সবাইকে বিচারের আওতায় নিয়ে আসা উচিত।
তনু হত্যার বিষয়ে কেন স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেওয়া প্রয়োজন মনে করলেন—এ প্রশ্নের জবাবে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, বিশেষ স্পর্শকাতর এলাকায় খুন সংঘটিত হওয়ার কারণে বা অকারণে তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। কোনো কোনো কর্তৃপক্ষ অতি সতর্ক, যা ভুল বার্তা দিচ্ছে। ‘আমরা’ এবং ‘তারা’—এ বিভক্তি সৃষ্টির চেষ্টা চলছে। তিনি বলেন, যেকোনো হত্যার বিচার নির্ভর করে সুষ্ঠু তদন্তের ওপর। তদন্তভার যাঁদের ওপর ন্যস্ত, তাঁরা স্বাধীন, নিরপেক্ষ ও নির্মোহভাবে কাজ করবেন—এটিই ন্যায়বিচার নিশ্চিতের প্রথম ধাপ। এ জন্য কিছু সুপারিশ করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া চিঠিতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘আপনি জানেন যে গত ২০ মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যা করা হয়। কুমিল্লা সেনানিবাসে তাঁর লাশ পাওয়া যায়। যুগপৎভাবে গত ৩১ মার্চ আমি কুমিল্লা সেনানিবাসে ঘটনাস্থল পরিদর্শন করি এবং তনুর বাবা-মায়ের সঙ্গে একান্তে কথা বলি। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে প্রকৃত অপরাধী খুঁজে বের করা এবং অপরাধীকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি প্রদান করা। এটি করার জন্য কিছু সুপারিশ আপনার নিকট তুলে ধরছি।’
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল প্রথম আলোকে বলেন, তিনি চিঠিটি পেয়েছেন।
মানবাধিকার কমিশনের সুপারিশ বাস্তবায়নে কোনো উদ্যোগ আছে কি না—এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগ বাড়িয়ে অনেকে নানান কিছু বলছেন। তদন্ত হচ্ছে। আমরা সবাই এটা দেখছি।’
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের চিঠিতে বলা হয়, ‘ঘটনাস্থল পরিদর্শনের পরে এমন ধারণার সৃষ্টি হতে পারে যে কিছু সাক্ষ্য টেম্পার বা ডক্টরিং (বিকৃত বা পরিবর্তন) করা হতে পারে। যদি এমন কিছু হয়ে থাকে যা বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। তবে যে বা যারা কাজটি করেছে, তাদের বিচারের আওতায় নিয়ে আসা বাঞ্ছনীয় বলে আমরা মনে করি।’
চিঠিতে আরও বলা হয়, ‘পরিদর্শনকালে আমাদের মনে হয়েছে, যে জায়গাটিতে তনুর মৃতদেহ পাওয়া গেছে, কোনো এক মহল সেখানকার মাটি তুলে নিয়ে গেছে। পরবর্তী সময়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে আমরা জানতে পেরেছি, র্যা বের সদস্যরা মাটি তুলে নিয়ে গেছে। কোন ক্ষমতাবলে র্যা ব এটি করেছে, তার যথার্থতা নিরূপিত হওয়া আবশ্যক বলে আমরা মনে করি।’
ঘটনাস্থলের মাটি তুলে নেওয়ার বিষয়ে র্যা বের কাছে কিছু জানতে চাওয়া হয়েছে কি না—এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী কোনো মন্তব্য করেননি।
এ বিষয়ে র্যা বের বক্তব্য জানতে চাইলে বাহিনীটির মুখপাত্র আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান গতকাল প্রথম আলোকে বলেন, এ বিষয়ে কালের কণ্ঠ পত্রিকায় ৩০ মার্চ খবর বের হয়েছিল। র্যা বের পক্ষ থেকে ওই দিনই ওই খবরের প্রতিবাদ সব সংবাদমাধ্যমে পাঠানো হয়। সেটাই র্যা বের বক্তব্য। তিনি নতুন করে কিছু বলতে রাজি হননি।
ওই প্রতিবাদপত্রে বলা হয়, তনু হত্যার পর র্যা ব ছায়া তদন্ত শুরু করে। এরই অংশ হিসেবে ২৯ মার্চ র্যা ব সদর দপ্তরের তদন্ত দল ঘটনাস্থলে যায় এবং যেখানে তনুর লাশ পাওয়া যায়, সেখান থেকে বেশ খানিক দূর হতে ‘সামান্য কিছু মাটি/ঘাস/পাতা’র নমুনা র্যা বের ফরেনসিক ল্যাবে পরীক্ষা করার জন্য নিয়ে আসা হয়।
প্রথম প্রতিবেদন আদালতে জমা: প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা জানান, তনুর মরদেহের প্রথম ময়নাতদন্ত ও পরীক্ষার প্রতিবেদন ও সুরতহাল প্রতিবেদন গতকাল কুমিল্লার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম জয়নব বেগমের আদালতে জমা দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহীম।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, সুরতহাল প্রতিবেদনে বলা হয়, লাশ উদ্ধারের সময় তনুর মাথার চুলের বেশির ভাগ কাটা, বাঁ কানের ওপরের অংশ সামান্য কাটা, রক্তের দাগ আছে, মুখের বাঁ পাশে সামান্য চামড়া ছোলানো, কামিজ সামান্য ছেঁড়া, ডান হাঁটুর সামান্য চামড়া ছোলানো, পরনের কাপড়ে ও শরীরের বিভিন্ন অংশে বালু লেগে ছিল। আর ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, মৃত্যুর আগে কোনো ধরনের ধর্ষণের ঘটনা ঘটেনি এবং মৃত্যুর কোনো কারণ জানা যায়নি।
এ দুটি প্রতিবেদন নিয়েই প্রশ্ন উঠেছে। এতে তনুর নাক ও মাথার পেছনে জখমের কথা গোপন করা হয় বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে গণজাগরণ মঞ্চ কুমিল্লার মুখপাত্র খায়রুল আনাম রায়হান বলেন, ‘সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন নিয়ে আমরা হতাশ। ভাবটা এমন, তনুকে কেউ মারেনি। তনুকে কেউ নির্যাতন করেনি। তাহলে সে মরল কীভাবে?’