বরগুনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অংশগ্রহণমূলক ক্ষুদ্রাকার পানিসম্পদ সেচ প্রকল্পের সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে ১৩টি খাল খননকাজের অনিয়ম তদন্ত শুরু করেছে এলজিইডি। তদন্ত কমিটির প্রধান এলজিইডির পটুয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল মালেক সরকারের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার তিন সদস্যের এই দলটি সরেজমিন তদন্ত শুরু করে। গতকাল দলের সদস্যরা বরগুনা সদরের জেলখানা খাল খনন প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
তবে ওই এলাকার অন্তত ১১ জন উপকারভোগী গতকাল অভিযোগ করেছেন, অনিয়মের বিষয়ে এলাকার কেউ যাতে তদন্ত দলের সামনে মুখ না খোলেন, এ জন্য প্রকল্পের ঠিকাদার ও ইউপি সদস্য রফিকুল ইসলাম ও তাঁর ক্যাডাররা গত বুধবার বিকেলে এলাকার লোকজনকে শাসিয়ে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালেও তাঁর কয়েকজন ক্যাডার এলাকায় গিয়ে পুনরায় শাসিয়ে আসেন। তদন্ত দল জেলখানা এলাকা পরিদর্শনে গেলে ওই দলের সঙ্গেও রফিকুল ইসলামের বেশ কয়েকজন ক্যাডার ছিলেন। ফলে অনেকেই অনিয়মের বিষয়ে তদন্ত দলের সামনে কথা বলতে পারেননি।
এলজিইডি সূত্র জানায়, ২০১৫-১৬ অর্থবছরে অংশগ্রহণমূলক ক্ষুদ্রাকার পানিসম্পদ সেচ প্রকল্পের আওতায় নেদারল্যান্ডস-ইফাত, এডিবি ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ৮ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, তালতলী ও পাথরঘাটা উপজেলায় ১৩টি খাল খনন করা হচ্ছে। এসব খাল খনন করাচ্ছেন সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যান-সদস্য ও এলাকার প্রভাবশালী ব্যক্তিরা। তাঁদের বেশির ভাগ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। অথচ খাল খননের শর্ত অনুযায়ী দুই পাড়ের বাসিন্দাদের নিয়ে পানি ব্যবস্থাপনা সমিতি করে সমিতির সদস্যদের মতামত নিয়ে এলাকার লোকজনকে দিয়ে এসব খাল খনন করতে হবে।
এ নিয়ে ১৯ জুন প্রথম আলোয় ‘বরগুনায় ১৩ খাল খননের টাকা জলে যাচ্ছে!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
তবে রফিকুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
তদন্ত দলের প্রধান আবুল মালেক সরকার গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা সার্বিকভাবে সবকিছু বিবেচনায় নেব, কেউ যদি হুমকির ফলে কথা বলতে সাহস না পান তবে আমরা গোপনে তাঁদের সঙ্গে কথা বলব। তা ছাড়া, প্রকল্প এলাকা ঘুরলেই বোঝা যাবে এতে কী ধরনের অনিয়ম হয়েছে।’