তদন্ত শেষ হয়নি, কেউ খোঁজও নেয়নি ক্ষতিগ্রস্তদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগে মিনিবাসে পেট্রলবোমা হামলায় কয়েকজনের প্রাণহানির ঘটনায় করা মামলার তদন্ত শেষ হয়নি এক বছরেও। ওই আগুনে আহত আর নিহত ব্যক্তিদের স্বজনেরা বলছেন, সে সময় সরকারের পক্ষ থেকে অনেক কিছু দেওয়ার আশ্বাস মিললেও এর কিছুই পাননি তাঁরা। কেউ খোঁজও নেয়নি তাঁদের।
গত বছর টানা হরতাল চলাকালে ২৮ নভেম্বর সন্ধ্যায় শাহবাগে শিশুপার্কের সামনে বিহঙ্গ পরিবহনের একটি মিনিবাসে পেট্রলবোমা মারা হয়। এতে দগ্ধ হন মিনিবাসের চালক, সহকারীসহ ১৯ জন। পরে তাঁদের মধ্যে আটজন মারা যান।
ওই ঘটনায় হত্যার অভিযোগে শাহবাগ থানায় মামলা করেন থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা। মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৭ জন নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা দুজনকে আসামি করা হয়।
কিছুদিন পরেই মামলার তদন্তভার পায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি সূত্র জানায়, ওই মামলার এজাহারভুক্ত ১৭ রাজনৈতিক আসামির মধ্যে ১৬ জন বিভিন্ন সময় গ্রেপ্তার হন। আর আমানউল্লাহ আমান আত্মসমর্পণ করেন। ওই মিনিবাসে হামলার অভিযোগে উজ্জ্বল হোসেন, সোহেল হোসেন ওরফে চান সোহেল এবং ফারহান রহমান ওরফে সাব্বির নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। উজ্জ্বল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ওই তিনজন জিজ্ঞাসাবাদে সরাসরি হামলায় জড়িত আরও চারজনের নাম বলেন। তাঁরা হলেন পাভেল, জহির, আরমান ও চাচা সোহেল। ডিবির খাতায় ওই চারজন পলাতক।
ওই চারজনের মধ্যে একজনের খালাতো ভাই জানান, ওই চারজনকে অন্য একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে নিয়ে যাওয়ার পর থেকে তাঁরা নিখোঁজ।
ডিবি সূত্র জানায়, ঢাকায় তখনকার হামলাগুলোর সমন্বয়ক, পরিকল্পনাকারী ও অর্থের জোগানদাতা ছিলেন ছাত্রদলের নেতা ইসাহাক সরকার। পেট্রলবোমা হামলাকারীদের সঙ্গে ইসাহাক সরকারের যোগাযোগের তথ্যও ডিবি পেয়েছে। তবে এখনো তাঁকে গ্রেপ্তার করা যায়নি।
মামলার তদন্ত তদারককারী কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, কয়েকজন গুরুত্বপূর্ণ আসামি গ্রেপ্তার না হওয়ায় মামলার অভিযোগপত্র এখনো দেওয়া যায়নি।
‘খোঁজ নেয় না কেউ’: ওই মিনিবাসের যাত্রী ছিলেন পুরান ঢাকার গীতা সেন ও তাঁর মেয়ে সুস্মিতা সেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয় গীতাকে। তিনি চিকিৎসাধীন অবস্থায় গত ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ন ইউনিটে আহত ব্যক্তিদের দেখতে যান। প্রধানমন্ত্রীকে পেয়ে সেদিন অনেক কিছু বলেছিলেন গীতা, প্রধানমন্ত্রী তাঁকে সান্ত্বনা দিয়েছেন।
এরপর আর কেউ খোঁজ নেয়নি বলে জানান গীতা। গত বৃহস্পতিবার তিনি প্রথম আলোকে বলেন, ‘খুব খারাপ লাগছে। কেউ কোনো খোঁজই নেয়নি। জানতে চায়নি কেমন আছি আমরা।’ তিনি জানান, এখনো তাঁর শরীরের পুড়ে যাওয়া বিভিন্ন জায়গায় মলম লাগাতে হয়। মিনিবাসের ভেতর পড়ে গিয়ে যে ব্যথা পেয়েছিলেন, তাতে এখনো ভুগছেন।
ওই ঘটনায় দগ্ধ ঢাকা কলেজের ছাত্র ওহিদুর রহমান চিকিৎসাধীন অবস্থায় ৪ ডিসেম্বর বার্ন ইউনিটে মারা যান। তাঁর বড় ভাই মজিবর রহমান বলেন, ‘ওহিদুর মারা যাওয়ার পর সরকারের পক্ষ থেকে কত কিছু দেওয়ার কথা কইছে। কিন্তু এখন সব ফাঁকা। আমাদের পরিবারকে পুনর্বাসন করব, ক্ষতিপূরণ দিব, আরও কত কী। এহন আমি মাকে নিয়ে নোয়াখালীর বেগমগঞ্জে গ্রামের বাড়িতে থাকি।’
দগ্ধ পোশাককর্মী রবিন মাতবরও মারা যান, ওই সময় তাঁর স্ত্রী মাবিয়া খাতুন সন্তানসম্ভবা ছিলেন। এখন রবিনের মেয়ে রহিমনের বয়স সাত মাস। রবিনের বাবা আবদুস সালাম মিয়া সংসার টানছেন। বৃহস্পতিবার সালাম মিয়া বলেন, ‘পোয়াতি বউরে দ্যাখতে বাড়ি আইছিল রবিন। যাওয়ার সময় আগুনে পুড়ল। এহন ওর মেয়ে হইছে। পোলাডা মাইয়ার মুখ দ্যাখলো না।’ তিনি জানান, রবিনের মৃত্যুর পরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক লাখ টাকা আর বিজিএমইএ থেকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল। তাই দিয়ে তিনি এখন ব্যবসা করছেন।