কুমিল্লা শহর ছাত্রলীগের সভাপতি এম সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের এক মাস পূর্ণ হলো গতকাল মঙ্গলবার। এরই মধ্যে মামলার তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
কোতোয়ালি মডেল থানা সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল বিকেলে কুমিল্লা শহরের কান্দিরপাড় এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা ও শহর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় শহর ছাত্রলীগের সভাপতি এম সাইফুল ইসলামকে কুপিয়ে ও গুলি করে গুরুতর জখম করে অন্য পক্ষ। ওই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়। পরদিন সকাল নয়টায় কুমিল্লা নগরের ঝাউতলা এলাকার একটি হাসপাতালে সাইফুল মারা যান।
জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সামছুদ্দিন চৌধুরী বলেন, আসামিরা প্রতিনিয়ত স্থান পরিবর্তন করায় গ্রেপ্তার করা যাচ্ছে না। পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত সন্দেহে ছাত্রলীগের কর্মী ইমন ভূঁইয়া (২৮), আদর্শ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আ ন ম ইব্রাহিম (২৯) ও আদর্শ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী রিয়াজ মাহমুদকে (৩৫) হন্যে হয়ে খুঁজছে।