
ইতালির নাগরিক সিজার তাবেলার সঙ্গে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরোধ থাকার তথ্য এখনো পাননি তদন্তকারীরা। তাঁদের ধারণা, সরকারকে বেকায়দায় ফেলতে একজন বিদেশি নাগরিককে হত্যার উদ্দেশ্য ছিল খুনিদের। তাবেলা সেই চক্রান্তের শিকার হয়েছেন।
তাবেলা হত্যার রহস্য উদ্ঘাটনে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বাছাই করা কর্মকর্তাদের নিয়ে গড়া দল মাঠে কাজ করছে। ঘটনাস্থলের আশপাশের ভবনের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। খুনের সময় সেখানে অবস্থানরত মুঠোফোনের সূত্র ধরে বিশ্লেষণ চলছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে একাধিকবার কথা বলেছেন তদন্ত কর্মকর্তারা। ঘটনাস্থলও তাঁরা ঘুরে দেখেছেন। তাবেলার বাসস্থান, কর্মস্থল, বন্ধু-পরিচিত মহলে গেছেন কর্মকর্তারা। কিন্তু গতকাল শুক্রবার পর্যন্ত এই হত্যার কোনো সূত্র পাননি তাঁরা। গত সোমবার সন্ধ্যায় গুলশানে গুলি করে হত্যা করা হয় তাবেলাকে।
ডিবির কর্মকর্তারা বলছেন, চার মাস আগে বাংলাদেশে আসা ইতালির এই নাগরিক সাদাসিধে জীবন যাপন করতেন। চার মাসের মধ্যেই তিনি দুবার বিদেশে গেছেন। পরিচিত গণ্ডির বাইরে খুব একটা বেরও হতেন না। চার দিন তদন্তের পর তাঁরা ধারণা করছেন, ব্যক্তিগত শত্রুতার কারণে নয়, ঘটনার শিকার হয়েছেন তাবেলা। এখন এই হত্যাকাণ্ডের তদন্তে তাঁদের কাছে মুখ্য হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক বিষয়গুলো। নিরাপত্তার কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশে না আসা, কয়েকটি পশ্চিমা দেশের ঢাকায় অবস্থানরত তাঁদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করা এবং জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি তৎপরতা নজরদারির ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’-এর দাবির সঙ্গে ঘটনার যোগসূত্র খুঁজে দেখছেন কর্মকর্তারা।
পুলিশ সদর দপ্তর থেকে গঠিত তদন্ত কমিটির প্রধান এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ডিবি) মো. মনিরুল ইসলাম বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে কোনো একটি গোষ্ঠী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে শুরু থেকেই তাঁদের একটা ধারণা রয়েছে। তবে এর সঙ্গে অন্য বিষয়গুলোও খতিয়ে দেখছেন তাঁরা।
গত বৃহস্পতিবার তদন্ত-সংশ্লিষ্ট ডিবি পুলিশের দুজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তাঁদের কাছে মনে হয়েছে, খুনিদের উদ্দেশ্য ছিল একজন বিদেশিকে হত্যা করে পরিস্থিতি ঘোলাটে করা। এ কারণে খুনিরা সুবিধামতো জায়গায় ওত পেতে ছিল। সিজার তাবেলা তাদের আওতায় আসা মাত্র তারা খুন করে নির্বিঘ্নে পালিয়ে গেছে।
ডিবির একজন কর্মকর্তা বলেন, সাইট ইন্টেলিজেন্সের ওয়েবসাইটে আরবিতে লেখা বার্তাটি তাঁরা ভালো আরবি জানা এক ব্যক্তিকে দিয়ে অনুবাদ করিয়েছেন। অনুবাদকারী ওই ব্যক্তি মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে পাস করা। তিনি আরবি বার্তাটি দেখে বলেছেন, খুব মার্জিত-কথ্য আরবিতে বার্তাটি লেখা। এ ধরনের আরবি উপমহাদেশের আরবি জানা লোকেরা ব্যবহার করেন না। মধ্যপ্রাচ্যে আরবি যাঁদের মাতৃভাষা, তাঁরাই এ ধরনের আরবি ব্যবহার করেন। ওই বার্তায় বলা হয়েছে, ‘বাংলাদেশে একটি সফল অভিযানে সিজার তাবেলাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ঢাকার একটি রাস্তায় তাঁকে অনুসরণ এবং সাইলেন্সার লাগানো আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যা করা হয়।’
ডিবির কর্মকর্তারা বলেন, এখন পর্যন্ত ওই বার্তাটি শুধু সাইট ইন্টেলিজেন্সের ওয়েবসাইটেই দেখা গেছে। আইএসের নিজস্ব ওয়েবসাইট বা অন্য কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আইএসের পক্ষ থেকে কোনো বার্তা পাঠানো হয়নি। বিষয়টি নিয়ে সন্দেহের সুযোগ রয়েছে। তা ছাড়া ওই বার্তায় বলা হয়েছে, সাইলেন্সার লাগানো আগ্নেয়াস্ত্র দিয়ে তাবেলাকে হত্যা করা হয়েছে। তবে ঘটনাস্থলের আশপাশে থাকা লোকজন ও প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তাঁরা সবাই গুলির শব্দ শুনেছেন। বাংলাদেশে এখন পর্যন্ত আইএসের তৎপরতার কথা জানা যায়নি। এর আগে আল-কায়েদা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্টের (একিউআইএস) তৎপরতার বিষয়ে জানা গেছে, এর সদস্যরাও গ্রেপ্তার হয়েছেন। অনেকেই আইএসের সঙ্গে একিউআইএসকে গুলিয়ে ফেলছেন। দুটি সংগঠনের মধ্যে মতাদর্শগত ভিন্নতা তীব্র।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশে আইএসের তৎপরতার বিষয়টি ইতিমধ্যে নাকচ করে দিয়েছেন।
ডিবির কর্মকর্তারা বলেন, তাঁরা খোঁজ নিয়ে জেনেছেন, সাইট ইন্টেলিজেন্সের বিভিন্ন সময়ের কর্মকাণ্ড বিতর্ক তৈরি করেছে। এটির দুই পরিচালকের একজন এর আগে ইসরায়েলি সেনাবাহিনীতে কাজ করেছেন। তাঁর তথ্যপ্রাপ্তির উৎস এবং উদ্দেশ্য নিয়েও নানা জল্পনা রয়েছে। সাইট ইন্টেলিজেন্সের বিষয়েও তাঁরা তথ্য সংগ্রহ করছেন।
সোমবার সন্ধ্যায় গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের ফুটপাতে সিজারকে (৫০) গুলি করে হত্যা করা হয়। তিনি নেদারল্যান্ডসভিত্তিক আইসিসিও কো-অপারেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রুফ (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা দুই তরুণকে গুলি চালিয়ে অপেক্ষমাণ মধ্য বয়স্ক এক ব্যক্তির মোটরসাইকেলে করে পালাতে দেখেছেন।
আরও পড়ুন: