ঝিনাইদহের কালীগঞ্জ শহরের চাপালি এলাকায় শিয়া মতাদর্শের হোমিও চিকিৎসক আবদুর রাজ্জাক (৫০) খুন হওয়ার পাঁচ দিন পরও হত্যার কারণ অনুসন্ধানে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারেনি পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে কালীগঞ্জের শ্রীরামপুর গ্রাম থেকে মো. শাহনেওয়াজ ওরফে জনি নামে একজনকে এ মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহনেওয়াজ স্থানীয় ব্যবসায়ী। তাঁকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নীরব হোসেন।
গত সোমবার রাতে শহরের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় হোমিও চিকিৎসালয় থেকে বাসায় ফেরার পথে আবদুর রাজ্জাককে কুপিয়ে হত্যা করা হয়। কয়েক ঘণ্টা পর এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
তবে এ হত্যাকাণ্ডের পেছনে আইএস বা অন্য কোনো জঙ্গিসংশ্লিষ্টতাকে গুরুত্ব দিচ্ছে না পুলিশ। তারা মূলত ব্যক্তিগত বিরোধ বা স্থানীয় কোনো বিষয় হত্যাকাণ্ডের পেছনে থাকতে পারে বলে মনে করছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বলেন, জঙ্গি সংগঠনের দায় স্বীকারের বিষয়টি তাঁরা গুরুত্ব দিচ্ছেন না। তাঁরা মনে করছেন, ঘটনার সঙ্গে জড়িতরা বিষয়টি অন্যদিকে প্রবাহিত করার জন্য এই প্রচারণা করছে।
এসআই নীরব হোসেন বলেন, হত্যার ধরন ও নিহত হওয়ার আগে কার সঙ্গে রাজ্জাকের কথাবার্তা হয়েছে, সেটা নিয়েও তদন্ত করা হচ্ছে।
নিহত রাজ্জাকের পরিবারের সদস্যরা গ্রামের বাড়ি ঝিনাইদহের খড়াশুনি গ্রামেই অবস্থান করছেন। মামলার বাদী ও নিহত রাজ্জাকের ভাই শওকত আলী বলেন, পুলিশ তদন্ত করছে। তবে এখনো উল্লেখযোগ্য অগ্রগতির খবর তাঁরা পাননি।